Tuesday, January 31, 2017

নীলের রাজ্যে মাশরাফি

নিউজিল্যান্ড ছবির মতো এক দেশ। সেখানে সাম্প্রতিক অভিজ্ঞতা সুখকর হয়নি মাশরাফি মুর্তজার। কিন্তু তাকে যদি পর্যটক বা ভ্রমণপিপাসু ধরা হয় তাহলে নিশ্চয়ই মাশরাফির মনটা কানায় কানায় ভরে আছে। একটি ছবি দেখতে পাচ্ছেন। যেখানে আকাশ নীল। পানি নীল। দূরের ভবনগুলোও এই নীলের প্রভাবে নীলচে লাগে। পরিবেশটাই সুন্দর নীলাভ। সেই নীলে অবগাহন করে যেন হারিয়ে যেতে চেয়েছিলেন মাশরাফি! দেশে ফিরেও এতদিন পর ওই অতিপ্রাকৃত পরিবেশ বারবার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে টাইগার অধিনায়ককে। ছবিটি মাশরাফি সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। মাশরাফির এমন একেবারে ব্যক্তিগত ছবি একটু কমই শেয়ার হয় তার পেজে। নানা কর্মকাণ্ড, ব্যস্ততার ছবি এবং বার্তা থাকে।
কিন্তু এই ছবিটা একবারে ব্যতিক্রম। যে ছবিতে মাশরাফিকে ওই নৈস্বর্গিক পরিবেশের সঙ্গে মিলে যাওয়া কোনো চরিত্র মনে হচ্ছে। এমন ছবি কার না ভালো লাগে? মাশরাফির যেমন লেগেছে, তেমনটাই অনুভূতি তার ভক্তদের। প্রায় ৮১ লাখ লাইকের মাশরাফির পেজে এই ছবির জন্য পছন্দ, ভালোবাসার চিহ্ন আর কমেন্ট হু হু করে বেড়ে চলে। চলছে তো চলছেই। থামার নামই নেই! কিন্তু খেলোয়াড় হিসেবে মাশরাফির সম্ভবত শেষ নিউজিল্যান্ড সফরটা মনে কষ্টই জমা করে রেখেছে। দেশের মাটিতে দেড়টি বছর টানা জয়ের মধ্যে ছিল তার ওয়ানডে দল। কিন্তু ওখানে ওয়ানডে ও টি ২০ সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে। লড়াই নেই। শুধু তাই নয়। ক্যারিয়ারের প্রথম নিউজিল্যান্ড সফর থেকে মাশরাফি ফিরেছিলেন ইনজুরি নিয়ে। এবারের সফরের শেষটায় আবার ইনজুরি। ভেঙেছে আঙুল। যদিও জানা যাচ্ছে, শ্রীলংকা সফরের আগে সেরে উঠবেন ক্যাপ্টেন। পরিবর্তন ডটকম।

No comments:

Post a Comment