Tuesday, January 31, 2017

এবার জিতেছে রিয়াল মাদ্রিদ

শীর্ষস্থানের জন্য লড়াইয়ে থাকা অন্য দুই দল অঘটনের শিকার হওয়ায় রিয়াল মাদ্রিদের সামনে ছিল ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মাতেও কোভাসিচের নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে সুযোগটা নিয়েছে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ১০ জন নিয়ে খেলা সোসিয়েদাদকে ৩-০ গোলে হারায় রিয়াল। রিয়ালের অপর গোল আলভারো মোরাতার। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা ও সেভিয়ার চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। বার্সেলোনা ও সেভিয়া খেলেছে ২০টি করে ম্যাচ। টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া রিয়াল হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে। দুই সপ্তাহ আগে লীগে সেভিয়ার কাছে ২-১ গোলে হার দিয়ে ছন্দপতনের শুরু। তিন দিন পর কোপা দেল রেতে সেল্টা ভিগোর কাছে হার এবং ফিরতি লেগে ড্র করে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া। সব মিলিয়ে বাজে সময় কাটানো রিয়ালের রোববার রাতেও শুরুটা ভালো ছিল না। গুছিয়ে আক্রমণে ওঠার চেষ্টা মাঝমাঠের সামনে বারবার খেই হারাচ্ছিল।
এরই মাঝে ৩৮ মিনিটে জ্বলে ওঠেন কোভাসিচ, বলতে গেলে একক নৈপুণ্যে এগিয়ে দেন দলকে। রোনাল্ডোর ছোট পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বিরতির আগের পাঁচ মিনিটে ভালো দুটি আক্রমণ করেছিল অতিথিরা। প্রথমটি কেইলর নাভাস ঝাঁপিয়ে রুখে দেয়ার পর হুয়ানমির শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ফের রোনাল্ডো-কোভাসিচের দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। তবে এবার দুজনের ভূমিকা ছিল উল্টো। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের রক্ষণচেরা লম্বা পাস ধরে ডি বক্সে ঢুকে পড়েন পর্তুগিজ ফরোয়ার্ড, সময় নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লীগে নিজের ১৩তম গোলটি করেন তিনি। ৭২ মিনিটে মোরাতা হেডে বল জালে জড়ালেও অফসাইডের বাঁশি বেজে ওঠে। দুই মিনিট পর কাসেমিরোকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদের ডিফেন্ডার মার্তিনেস। ৮৩ মিনিটে সেই হেডেই জয় নিশ্চিত করেন বেনজেমার বদলি হিসেবে নামা মোরাতা। ডানদিক থেকে লুকাস ভাসকেসের দারুণ ক্রসে ঝাঁপিয়ে বলে মাথা ছোঁয়ান এই স্প্যানিশ স্ট্রাইকার। দিনের প্রথম ম্যাচে রিয়াল বেটিসের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। আরেক ম্যাচে এস্পানলের মাঠে ৩-১ গোলে হেরে গেছে সেভিয়া। মেসিদের সমান ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। ওয়েবসাইট।

No comments:

Post a Comment