নোয়াখালীর
সেনবাগ উপজেলার ছাতারপাইয়া আই.কে দাখিল মাদরাসার ছাত্রীকে ইভটিজিং করার
প্রতিবাদ করায় ওই মাদরাসা সুপার সফিকুর রহমানকে বখাটে কর্তৃক লাঞ্ছিত করার
প্রতিবাদে ও তাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ এবং বিক্ষোভ
মিছিল করেছে মাদরাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে
শুরু হওয়া ওই কর্মসূচি দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত ছিল।
দুপুর সাড়ে ১২টার সময় মাদরাসা সুপার সফিকুর রহমান জানায়, গতকাল সোমবার
বিদ্যালয় ছুটি হওয়ার পর ছাত্র-ছাত্রীরা যথারীতি বিদ্যালয় ত্যাগ করতে শুরু
করে। এসময় ছাতারপাইয়া গ্রামের ইব্রাহিমের ছেলে বখাটে বাবু (২৪) ও একই
গ্রামের ব্যাপারী বাড়ির হোসেন মিয়ার ছেলে বখাটে সোহাগ (২৭) মাদরাসার সামনে
এসে ছাত্রীদের উত্যাক্ত করতে শুরু করে। এসময় তিনি প্রতিবাদ করলে ওই বখাটেরা
তাকে অশ্লীশ ভাষায় গালমন্দ ও লাঞ্ছিত করে।
পরে বিকেলেই তিনি লিখিতভাবে
বিষয়টি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারকে জানান। ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা
বিষয়টি জানতে পেরে সকাল ৯টা থেকে ছাতারপাইয়া বাজারে অবস্থান গ্রহণ করে
ছাতারপাইয়া-সেনবাগ সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা বখাটেদের গ্রেফতারের
দাবিতে ওই সড়কে মানববন্ধন ও দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। পরে দুপুরে খবর
পেয়ে সেনবাগ থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ
ঘটনাস্থলে পৌছে বখাটেদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত
হয়। ঘটনাস্থলে থাকা সেনবাগ থানার এসআই মো: সাইফুল ইসলাম জানান, তারা
বখাটেদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করা হচ্ছে বিকেলের মধ্যেই
তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

No comments:
Post a Comment