Saturday, January 28, 2017

নাতি কোলে ভ্যানে গ্রাম ঘুরলেন প্রধানমন্ত্রী

ভ্যানের ওপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোলে নাতি। পেছনে নাতনি। সঙ্গে ভাগ্নে ও ভাগ্নেবউ। হাস্যোজ্জ্বল মুখে ঘুরছেন। শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এভাবেই দেখা যায় প্রধানমন্ত্রীকে। গ্রামীণ পরিবেশে যেন ফিরে গেছেন শৈশবের সেই দিনগুলোয়। প্রধানমন্ত্রীকে ভ্যানে চড়তে দেখে বিস্মিত হন গ্রামবাসীও। ঢাকায় ফেরার আগে বেলা ১১টা থেকে ভ্যানে চড়ে প্রায় ১৫ মিনিট নিজ এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি বঙ্গবন্ধু স্মৃতিসৌধ থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত যান। প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্যানে ছিলেন ভাগ্নে (ছোট বোন শেখ রেহানার ছেলে) রাদওয়ান মুজিব সিদ্দিক ববি,
তার স্ত্রী পেপি সিদ্দিক, মেয়ে লিলা তুলি সিদ্দিক ও ছেলে কাইয়ুস মুজিব সিদ্দিক। কাইয়ুস মুজিবকে কোলে নিয়ে শেখ হাসিনা গ্রামের বিভিন্ন স্থানে ভ্যান থামিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন ও তাদের কুশলাদির খোঁজখবর নেন। সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রী ফেরার পথে এই এক কিলোমিটার রাস্তা হেঁটে আসেন। ভাগ্নে, ভাগ্নেবউ এবং নাতি-নাতনিদের নিয়ে ভ্যানে চড়ে প্রধানমন্ত্রীর টুঙ্গীপাড়ায় ঘুরে বেড়ানোর ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠে। প্রধানমন্ত্রী রোভার স্কাউটের সবচেয়ে বড় সম্মিলন ১১তম জাতীয় রোভার মুট উদ্বোধনের জন্য বৃহস্পতিবার দু’দিনের সফরে গোপালগঞ্জ আসেন। ওইদিন দুপুর থেকে শুক্রবার ঢাকা রওনা হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী পৈতৃক বাড়িতে নিজের পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটান। শুক্রবার বিকাল ৪টায় টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

No comments:

Post a Comment