Thursday, January 26, 2017

‘প্রিয়াংকার চেয়েও সুন্দরী বক্তা বিজেপিতে আছে’

প্রিয়াংকা গান্ধীকে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। প্রচারের কাজে ব্যবহারের জন্য কংগ্রেসের থেকেও অনেক সুন্দরী বিজেপিতে রয়েছেন বলে বুধবার মন্তব্য করেন ওই বিজেপি সংসদ সদস্য। প্রিয়াংকার নাম করে ওই মন্তব্যের পাশাপাশি তিনি ফের একবার রাম মন্দির ইস্যুকেও খুঁচিয়ে দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে যে তারকাদের ব্যবহার করা হবে, সম্প্রতি তাদের নামের একটি তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে প্রিয়াংকা গান্ধীর নামও রয়েছে। এদিন বিনয় বলেন, ‘প্রচারের জন্য প্রিয়াংকা গান্ধীর থেকেও অনেক সুন্দরী রয়েছেন। বিজেপিতে তেমন নেতার অভাব নেই।’ বিনয়ের করা এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রিয়াংকাও পাল্টা বিজেপি নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি এদিন বলেন, ‘মহিলাদের সম্পর্কে ওদের কী মনোভাব, তা এ মন্তব্যেই পরিষ্কার।’ প্রিয়াংকাকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি এদিন বিনয় ফের একবার তুলে এনেছেন রাম মন্দির বিতর্ক। তার মতে, মন্দির তৈরি না হওয়া পর্যন্ত এ প্রসঙ্গ উঠবেই। তার কথায়, ‘রাম মন্দির একটি পুরনো এবং গুরুত্বপূর্ণ ইস্যু। কাজেই যতদিন না মন্দির তৈরি হচ্ছে, ততদিন তা নিয়ে কথা হবেই।’ তিনি জানান, এ নিয়ে বিজেপি অনেক কিছু করেছে। এবারের নির্বাচনে নতুন করে রাম মন্দির ইস্যু জুড়ে দেয়ার কোনো কারণ নেই। রামের জন্মস্থানেই ওই মন্দির তৈরি হবে বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা।

No comments:

Post a Comment