জমে
উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচার। এরই মধ্যে
অনেকেই প্রার্থিতা ঘোষণা করে প্রচারে নেমেছেন। আলোচনার মূলে এখন পর্যন্ত
রয়েছে দুটি প্যানেল। যার একটি মিশা সওদাগর-জায়েদ খান ও অন্যটি ওমর সানী-
ফেরদৌস প্যানেল। এরই মধ্যে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল অনানুষ্ঠানিক
প্রচার শুরু করেছেন। আর ওমর সানী-ফেরদৌস প্যানেল নিয়ে আলোচনা থাকলেও এখন
পর্যন্ত প্রচার সেভাবে শুরু হয়নি। তবে এ প্যানেল নিয়ে প্রচারের আগেই
চিত্রনায়ক ফেরদৌস যুগান্তরকে জানালেন ভিন্ন কথা। সাধারণ সম্পাদক পদে
নির্বাচন করার এখনও সিদ্ধান্ত নেননি তিনি। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন,
‘বাংলাদেশ ও কলকাতায় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাকে। তাই এফডিসিতে
তেমনভাবে সময় দিতে পারি না।
এ পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করব? এ ছাড়া আমি
শিল্পী সমিতির নির্বাচন করব- এমন আনুষ্ঠানিক ঘোষণা তো কখনও দেইনি। তবে
সানী ভাই তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা বলেছেন।
কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাইনি আমি। সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিক
ঘোষণা দিয়ে সবাইকে জানাব।’ উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর নাইম-শাবনাজের
চাঁদনী ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওমর সানী ঘোষণা
দিয়েছিলেন, এবার শিল্পী সমিতির নির্বাচনে তিনি সভাপতি পদে লড়বেন। পাশাপাশি
তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচন করবেন চিত্রনায়ক
ফেরদৌসকে। এ ঘোষণার পর সরাসরি ফেরদৌস কিছু না বললেও ওমর সানী তাকে তার
প্যানেলের জন্য ভাবায় এটাকে তিনি সম্মানের বিষয় বলেই জানিয়েছিলেন।

No comments:
Post a Comment