Saturday, January 14, 2017

প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপি সমর্থকরাও খুশি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে বিএনপি’র সাধারণ সমর্থকরা ‘খুশি হয়েছে’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে শুধু ফখরুল সাহেবরা অখুশি হয়েছেন।
রাসেল স্কয়ারে বঙ্গবন্ধু ভবনের সামনে মহানগর আওয়ামী লীগ উত্তরের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন, পরবর্তী নির্বাচনী প্রক্রিয়াসহ সার্বিকভাবে ‘সবকিছু নিয়ে’ কথা বলেছেন। সারা দেশের মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্যে খুশি, এমনকি বিএনপির সাধারণ সমর্থকরাও খুশি। যারা কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে তারা শুধু অখুশি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপির উদ্দেশ্যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, পরবর্তী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনেই হবে।
ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের ভবিষ্যতে রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি করতে নিষেধ করেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর ‘স্পষ্ট নির্দেশ’ আছে বলে জানান। তিনি বলেন, ভবিষ্যতে আর রাস্তায় কোনো প্রোগ্রাম করা যাবে না। আমরা বিকল্প পথ খুঁজছি। সপ্তাহের ছুটির দিনগুলো র‌্যালির জন্য রাখা যায় কিনা ভাবছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের উপস্থিতিতে রাসেল স্কয়ারের অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী এ সময় উপস্থিত ছিলেন।
>>>মানবজমিন

No comments:

Post a Comment