Saturday, January 28, 2017

বালিয়াকান্দিতে কাজী ও বরের কারাদন্ড

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার শুক্রবার রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বাল্য বিবাহের জন্য একজন ম্যারেজ রেজিষ্ট্রার ও বরকে ২০দিন করে কারাদন্ড প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উচ্চমান সহকারী এস,এম আসলাম জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্রী ডাঙ্গাহাতি মোহন গ্রামের বাড়ীতে বাল্য বিয়ের আয়োজন করে তার পরিবার।
শুক্রবার রাত ৮টার দিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার থানা পুলিশ সাথে নিয়ে ওই বাড়ীতে হাজির হন। যাচাই-বাছাই করে সত্যতা পাওয়ায় জামালপুর ইউনিয়ন ম্যারেজ রেজিষ্ট্রার বৃমাগুরা গ্রামের মৃত হাই মোল্যার ছেলে ইসহাক মোল্যা (৪৬) ও একই ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মৃত কাজী নজরুল ইসলামের ছেলে বর কাজী তৌহিদুল ইসলাম (২৭) কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে কাজী ইসহাক মোল্যা ও বর কাজী তৌহিদুল ইসলামকে ২০দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। শনিবার সকালে তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment