Sunday, January 8, 2017

সাংবাদিকদের প্লটে অনিয়ম: আব্বাসের মামলায় স্থগিতাদেশ বহাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত মামলার কার্যক্রম স্থগিতই থাকছে। মামলা স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আবেদন রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ খারিজ করে দেন। এর ফলে মামলার কার্যক্রম স্থগিতে হাইকোর্টের আদেশ বহাল থাকল বলে জানিয়েছেন মামলার আইনজীবীরা। আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন সগীর হোসেন লিয়ন।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে গত ১৪ ডিসেম্বর হাইকোরেটর একটি দ্বৈত বেঞ্চ আব্বাসের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে বিচারিক আদালতে এই মামলার অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। দুদক হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে আপিলে গেলে আজ (রোববার) আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। মামলার বিবরণীতে জানা যায়, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯ শত টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় এই মামলা করে দুদক। চলতি বছর ৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আব্বাস। শুনানি করে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গত ৭ ফেব্রুয়ারি জামিন আবেদন করেন আব্বাস। চলতি বছর ৯ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ  মির্জা আব্বাসকে জামিন দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক আবেদন করলে আপিল বিভাগ ৩১ মার্চ জামিন বহাল রাখেন। পরে ৩ এপ্রিল মুক্তি পান তিনি।

No comments:

Post a Comment