Thursday, January 12, 2017

ইয়েমেন যুদ্ধে মৃত্যু হয়েছে ১৪শ’ শিশুর

ইয়েমেন যুদ্ধে ১৪শ’ শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো কয়েকশ’ শিশু এবং অনেক স্কুল যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছে। জাতিসংঘ শিশু তহবিল বুধবার এ কথা জানায়। ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি মেরিটসেল রেলানো বলেন, ‘বেসামরিক এলাকাগুলোতে হামলার কারণে এখনো বহুসংখ্যক শিশুর প্রাণহানি এবং আহত হওয়া অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, প্রায় ১৪শ’ শিশুর প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও প্রকৃত হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। ২০১৫ সালের মার্চে ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরুর পর থেকে ইয়েমেনে এ পর্যন্ত ৭ হাজার ৩শ’রও বেশি নিহত হয়েছে।
রেনালো বিবদমান পক্ষগুলোর প্রতি শিশুদের রক্ষা করার এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলা বন্ধ করার আহবান জানায়। রেনালো বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান সবসময় হওয়া উচিত শান্তির এলাকা। স্কুল হবে এমন এক অভয়াশ্রম যেখানে শিশুরা শিখবে, বড় হবে, খেলবে এবং নিরাপদ থাকবে।’ তিনি বলেন, ‘কেবল স্কুলে যাওয়ার জন্য শিশুদের কখনোই জীবনের ঝুঁকি নেয়া উচিত নয়।’ তিনি জানান, ধ্বংস, ক্ষতিগ্রস্ত ও আশ্রয় কেন্দ্র বা সামরিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে ইয়েমেনে প্রায় ২ হাজার স্কুল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

No comments:

Post a Comment