Thursday, January 12, 2017

আমলার অন্যরকম শতক

অভিষেকের মতো শততম টেস্ট নিয়েও আলাদা রোমাঞ্চ থাকে। যদিও সেই রোমাঞ্চ গায়ে মাখার সৌভাগ্য সবার হয় না। হাশিম আমলা সৌভাগ্যবান। দক্ষিণ আফ্রিকার মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে আজ জোহানেসবার্গে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেই অনন্য এই মাইলফলক ছুঁয়ে ফেলবেন আমলা।
তার জন্য এটি হতে পারে নিজেকে ফিরে পাওয়ার উপলক্ষ। শততম টেস্টেই দুঃসময়ের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে চান আমলা। ফিরতে চান পুরনো চেহারায়। যে কোনো পিচে, যে কোনো কন্ডিশনে যার ব্যাট হয়ে ওঠে খাপখোলা তলোয়ার। এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও মরনে মরকেলের অনুপস্থিতিতে দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য হিসেবে ইদানীং নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না আমলা। শেষ পাঁচ টেস্টে কোনো ফিফটি নেই। এতেই তার ক্যারিয়ারগড় গত চার বছরে প্রথমবারের মতো পঞ্চাশের নিচে নেমে এসেছে কিন্তু আমলার ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস কারও নেই। ৯৯ টেস্টে ২৫টি সেঞ্চুরির পাশাপাশি ৩১টি ফিফটি রয়েছে। ক্যারিয়ারজুড়ে অসাধারণ ধারাবাহিকতার জন্য শততম টেস্টের আগে প্রশংসার জোয়ারে ভাসছেন আমলা। সতীর্থরা তো বটেই, প্রবল প্রতিপক্ষরাও জানাচ্ছেন কুর্নিশ। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের কণ্ঠে রীতিমতো মুগ্ধতা ঝরছে ‘১০০ টেস্ট খেলতে পারাটাই বিশাল কীর্তি।
আমলার মতো ক্রিকেটার বিরল। অবিশ্বাস্য তার ধারাবাহিকতা। যে কোনো উইকেটে রান করার ক্ষমতা রাখে সে। একজন টেস্ট ক্রিকেটারের কাছে আপনি যা কিছু আশা করেন আমলার মধ্যে সবকিছু পাবেন।’ মাইকেল ক্লার্ক ও কেভিন পিটারসেনের মতো সাবেকরা আগাম অভিনন্দন জানিয়েছেন আমলাকে। আগের দুই টেস্ট হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে শ্রীলংকা। জোহানেসবার্গে তারা নামছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশনে। পুরো সিরিজে এখন পর্যন্ত লংকান ব্যাটসম্যানদের প্রাপ্তি দুটি ফিফটি। এমন ছন্নছাড়া ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের আশা দুরাশা। এএফপি।
টেস্টে হাশিম আমলা
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
৯৯ ১৬৮ ৭৬৬৫ ৩১১* ৪৯.৪৫ ২৫/৩১ 

No comments:

Post a Comment