Thursday, January 12, 2017

কিউইদের বিপক্ষে তামিমের হাফ সেঞ্চুরি

ওয়ানডে ও টি২০ পরীক্ষায় হারের পর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টেস্ট পরীক্ষায় মুখোমুখি টাইগার বাহিনী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচের শুরুতে অবশ্য টস পরীক্ষায় হেরে বসেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলয়ামসন। ব্যাটিংয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দলের হয়ে ওপেনিংয়ে নেমে তেমন কিছু করে দেখাতে পারেননি টাইগার সদস্য ইমরুল কায়েস। তামিম ইকবালকে একপাশে রেখে ১ রান করেই সাউদির বলে বোল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমরুল। ইমরুলের বিদায়ের পর তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন মুমিনুল হক। মুমিনুলকে সঙ্গে নিয়ে একপাশ থেকে ভালোই ব্যাট করে যাচ্ছিলেন তামিম। তখনই পূর্বাভাস সত্যি করে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। ১১.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির বাধায় মাঠ ছাড়েন ক্রিকেটাররা। সে সময় বাংলাদেশের স্কোর ৩৯/১। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর বৃষ্টি থামলে আবারো মাঠে নামে দুই দল। এসময় দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের অর্ধশতক আদায় করে নেন ভালো খেলতে থাকা তামিম।
মাত্র ৪৮ বল খেলে অর্ধশতক তুলে নেন তামিম। দলীয় রান যখন ৫৬, তখন তামিম খেলছেন ৫২ রান নিয়ে। তবে অর্ধশতক আদায়ের পর তামিমের ব্যাট বেশিক্ষণ আলো ছড়াতে পারেনি। বোল্টের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তামিমকে। যাবার আগে অবশ্য দলের জন্য প্রয়োজনীয় ৫৬ রান তুলে যান তিনি।   তামিমের বিদায়ের পর মাোেঠ নেমেছেন মাহমুদুল্লাহ। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬০ রান। মুমিনুল ৩ ও মাহমুদুল্লাহ শূন্য রানে ক্রিজে রয়েছেন। নিজেদের সবশেষ টেস্টে অবশ্য ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের কন্ডিশন একেবারেই ভিন্ন। ওয়ানডে ও টি২০ সিরিজে হারের পর তাই টেস্ট সিরিজটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য। টেস্টের উইকেট হবে আরো দ্রুতগতির, আরো বাউন্সি। উইকেটে ঘাসও থাকবে বেশি। সে হিসেবে টাইগার ব্যাটসম্যানদের জন্য বড় এক পরীক্ষাই প্রথম টেস্ট। আজকের ম্যাচে টেস্ট অভিষেক ঘটেছে টাইগারদের স্ট্রাইকিং বোলার তাসকিন আহমেদ ও শুভাশীষ রায়ের। দলের অন্যান্যদের মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মামুদুল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, ও কামরুল ইসলাম রাব্বি। নিউজিল্যান্ড দলে অবশ্য পরিবর্তন একটিই। ম্যাট হেনরির পরিবর্তে ফিরছেন ট্রেন্ট বোল্ট।

No comments:

Post a Comment