জনপ্রিয়
গান ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’ লেখক বরেণ্য গীতি কবি কুটি মনসুর
আর নেই। অগণিত ভক্ত ও সঙ্গীতাঙ্গনের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে
চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া
নেমে আসে। কুটি মনসুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী
আসাদুজ্জামান নূর। গত ২২ ডিসেম্বর ঢাকার রামপুরার বাসায় গুরুতর অসুস্থ হয়ে
পড়েন কুটি মনসুর। এরপর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি ঘটলে ২৯ ডিসেম্বর উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
বুধবার ঢাকার দোহারে কুটি মনসুরের
শ্বশুর বাড়িতে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে। ১৯২৬ সালে
ফরিদপুরের চরভদ্রাসন থানার লোহারটেক গ্রামে জন্মগ্রহণ করেন লোকজ গানের
জগতের অন্যতম পুরোধা ব্যক্তি কুটি মনসুর। দীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে
পল্লীগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথিপাঠ, ভাটিয়ালি, মুর্শিদী,
মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদ-নাত, ইসলামি প্রভৃতি বিষয়ে প্রায় আট
হাজার গান লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো: ‘আইলাম আর গেলাম’,
‘যৌবন জোয়ার একবার আসে রে’, ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’, ‘কে বলে
মানুষ মরে’, ‘হিংসা আর নিন্দা ছাড়ো’, ‘সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয়
না’ ইত্যাদি।

No comments:
Post a Comment