প্রায়
এক বছর আগে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার ৩৪৮ তাড়া করতে নেমে ৩২৩ রানে থেমেছিল
ভারত। সেটি ছিল ৬৭১ রানের ম্যাচ। ক্যানবেরা ফিরে আসেনি পুনেতে। ৭০৬ রানের
প্রথম ওডিআইতে ভারত (৩৫৬/৭) তিন উইকেটে হারাল ইংল্যান্ডকে (৩৫০/৭)।
রোববার
ছুটির দিনে দর্শকে ঠাসা মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে
ডে-নাইট ম্যাচ জেতে ভারত ১১ বল বাকি থাকতে। ওডিআইতে এ নিয়ে তৃতীয়বার ভারত
৩৫০ কিংবা তার বেশি রান তাড়া করে জিতল। জয়টা সম্ভব হয় বিরাট কোহলি (১২২)
এবং কেদার যাদবের শতকে। এ দু’জনের ২০০ রানের জুটি স্বাগতিকদের জয়ের ভিত গড়ে
দেয়। ম্যাচসেরা কেদার সেঞ্চুরি পূর্ণ করেন ৬৫ বলে। ম্যাচের ২৩তম ছক্কায় জয়
কব্জা করে ভারত। ধোনি নেতৃত্ব ছেড়ে দেয়ার পর অধিনায়ক হিসেবে নিজের প্রথম
ওডিআইতে কোহলি ২৭তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকান। অথচ, ইংল্যান্ড স্কোর বোর্ডে
৩৫০ জমা করার পর ৬৩ রানে চার উইকেট নিয়ে ভারতকে কোণঠাসা করে ফেলেছিল। কোহলি
আউট হন ভারতকে জয় থেকে ৮৮ রান দূরে রেখে। যাদবের পায়ের পেশিতে তখন টান
পড়েছে। হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে অপরাজিত ৪০ এবং অশ্বিনের ১০ বলে অপরাজিত
১৫ রান তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের এগিয়ে দেয় ১-০ তে।
জয়সূচক ছক্কা আসে
অশ্বিনের ব্যাট থেকে। জ্যাক বল তিন উইকেট নেন ৬৭ রানে। এর আগে টস হেরে
ব্যাট করতে নেমে ইংল্যান্ড সাত উইকেটে ৩৫০ রান করে পুরো ৫০ ওভারে। ওয়ানডেতে
ভারতের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ। জ্যাসন রয়, জো রুট ও বেন
স্টোকসের তিনটি ফিফটি রান পাহাড়ে তুলে দেয় ইংল্যান্ডকে। রয় ৬১ বলে ৭৩ ও রুট
৯৫ বলে ৭৮ করেন। শেষদিকে ঝড় তোলেন স্টোকস। ছয় নম্বরে নেমে ৪০ বলে ৬২ করেন
তিনি। ২০১৫ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত সাতবার ইংল্যান্ড ৩৫০ রান করল। কিন্তু
রঙিন পোশাকের ক্রিকেটে নিজেদের ফিরে পাওয়া ইংল্যান্ড টিকতে পারল না কোহলি ও
যাধব-ঝড়ে। এদিকে ভারতের ওয়ানডে ও টি ২০ দলের নেতৃত্ব ছাড়ার পর এটাই ছিল
মহেন্দ্র সিং ধোনির প্রথম ম্যাচ। ২০০৮ সালের পর প্রথমবারের মতো শুধু
খেলোয়াড়ের ভূমিকায় খেলতে নেমে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। মাত্র ছয় রান
করে আউট হন ধোনি। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরা যুবরাজ সিংও (১৫) বেশিক্ষণ
টিকতে পারেননি। কিন্তু ধোনির নতুন অধিনায়ক কোহলি বরাবরের মতোই ব্যাট হাতে
মুদ্ধতা ছড়ান। সঙ্গী হিসেবে পেয়ে যান যাদবকে। এই জুটিতেই ছুটি হয়ে যায়
ইংল্যান্ডের।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৩৫০/৭, ৫০ ওভারে (জ্যাসন রয় ৭৩, জো রুট ৭৮, মরগ্যান ২৮, জস বাটলার ৩১, বেন স্টোকস ৬২, মঈন আলী ২৮। পান্ডিয়া ২/৪৬, বুমরাহ ২/৭৯)।
ভারত ৩৫৬/৭, ৪৮.১ ওভারে (বিরাট কোহলি ১২২, যুবরাজ ১৫, কেদার যাদব ১২০, হার্দিক পান্ডিয়া ৪০*, জাদেজা ১৩, অশ্বিন ১৫*। উইলি ২/৪৭, বল ৩/৬৭, স্টোকস ২/৭৩)।
ফল : ভারত ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : কেদার যাদব (ভারত)।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৩৫০/৭, ৫০ ওভারে (জ্যাসন রয় ৭৩, জো রুট ৭৮, মরগ্যান ২৮, জস বাটলার ৩১, বেন স্টোকস ৬২, মঈন আলী ২৮। পান্ডিয়া ২/৪৬, বুমরাহ ২/৭৯)।
ভারত ৩৫৬/৭, ৪৮.১ ওভারে (বিরাট কোহলি ১২২, যুবরাজ ১৫, কেদার যাদব ১২০, হার্দিক পান্ডিয়া ৪০*, জাদেজা ১৩, অশ্বিন ১৫*। উইলি ২/৪৭, বল ৩/৬৭, স্টোকস ২/৭৩)।
ফল : ভারত ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : কেদার যাদব (ভারত)।

No comments:
Post a Comment