‘ফ্রেমে
ফ্রেমে আগামী স্বপ্ন’- প্রতিপাদ্যে মঙ্গলবার বিকালে পাবলিক লাইব্রেরি
প্রাঙ্গণে উদ্বোধন হল দশম শিশু চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী সঙ্গীত ও জাতীয়
সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এবারের
উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আরও উপস্থিত
ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান
বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সাধারণ
সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম ও উৎসব
পরিচালক আবীর ফেরদৌস। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত এ উৎসব
রাজধানীর পাশাপাশি মঙ্গলবার রাজশাহী ও রংপুরে শুরু হয়েছে। অনুষ্ঠানের
উদ্বোধনী পর্বের শেষে শওকত ওসমান মিলনায়তনে ছিল সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান।
মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উৎসবের উদ্বোধনের সঙ্গে
সংশ্লিষ্ট অতিথিরা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এখানে অনেক ছবি
প্রদর্শিত হবে, এটা উৎসবের বড় আকর্ষণ। এখানে শিশুরা মনের আনন্দে ছবি দেখবে
এবং অনেক কিছু জানতে পারবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দেশের
পরীক্ষার্থী বেড়ে গেছে, শিক্ষার্থী নেই। এটাই আমাদের বড় সংকট।
বাচ্চাদের
জীবন থেকে ফুল, পাখি, আলো-বাতাস হারিয়ে যাচ্ছে। তারা মেশিনের মতো করে বড়
হচ্ছে। মুস্তাফা মনোয়ার বলেন, বাচ্চারা সুন্দরভাবে নিজেরাই উৎসবের আয়োজন
করছে, এটা একটা দারুণ ব্যাপার। আলোচনা পর্বের শেষে ছিল প্রদীপ প্রজ্বালন
পর্ব। এরপর প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ফিডল স্টিকস। এবারের
উৎসবে বাংলাদেশসহ ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
চট্টগ্রামে এ উৎসব শুরু হবে ৩ মার্চ। সারা দেশের ১১টি ভেন্যুতে এ উৎসবে
শিশুরা তাদের অভিভাবককে সঙ্গে নিয়ে বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবে।
এবারের উৎসবের রাজধানীর মূল ভেন্যু কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত
ওসমান স্মৃতি মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা,
বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি করে প্রদর্শনী হবে। পাবলিক লাইব্রেরি
ছাড়া রাজধানীর অন্য ভেন্যুগুলো হল জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা
একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজের ধানমণ্ডি ও উত্তরা শাখা, ব্রিটিশ কাউন্সিল ও
ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তন। এবারও ইয়াং বাংলাদেশী ট্যালেন্ট শীর্ষক
বিভাগটি রয়েছে। এতে ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ নির্মাতারা অংশ নিবেন। এছাড়াও
রয়েছে সোস্যাল ফিল্ম সেকশন, যেখানে আবহাওয়া ও জলবায়ু নিয়ে নির্মিত
চলচ্চিত্রগুলোকে নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ রয়েছে। এ বিভাগে উৎসব কমিটির দ্বারা মনোনীত
বাংলাদেশসহ অন্যান্য দেশের মোট ২১টি চলচ্চিত্র অংশ নেবে। এবার প্রথমবারের
মতো বিভিন্ন দেশের শিশুদের বানানো চলচ্চিত্র নিয়ে একটি প্রতিযোগিতা বিভাগ
থাকছে, যেখান থেকে একটি চলচ্চিত্রকে পুরস্কার দেয়া হবে। উৎসবে বিভিন্ন দেশ
থেকে ১৮ জন বিদেশী অতিথি প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন। এছাড়া দেশের
বিভিন্ন স্থান থেকে ১২৫ জন শিশু প্রতিনিধি অংশ নেবে উৎসবে।
সুবিধাবঞ্চিত
শিশুদের জন্য কনসার্ট : সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করতে এবার রাজধানীতে
অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ফান্ড রাইজিং কনসার্ট। এতে অংশ নেবেন ববিতা
আক্তার, সাবিনা ইয়াসমীন ও আইয়ুব বাচ্চুর মতো তারকা। ৩ ফেব্র“য়ারি বিকাল
সাড়ে ৫টায় রাজধানীর খামারবাড়ীর ?কৃষিবিদ ইন্সটিটিউটে ‘জাগো উচ্ছ্বাসে’
শিরোনামে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল
সোনারগাঁওয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা। সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
ও প্রধান নির্বাহী মমিনুল ইসলাম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট
কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস, ডিসিসিআইয়ের নির্বাহী পরিচালক ডা. এহসান হক,
ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু, শিল্পী হায়দার হোসেন প্রমুখ।

No comments:
Post a Comment