তুরস্কের
প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের হাতে বিপুল ক্ষমতা দেয়ার জন্য দেশটির
জাতীয় সংসদে একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে। এ বিল পাসের ফলে এরদোগান
বাড়তি নির্বাহী ক্ষমতার মালিক হবেন। সংসদে আনা বিলের আওতায় সংবিধানের ১৫
থেকে ১৮নং অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। শনিবার পাস হওয়া ওই বিলের পক্ষে ভোট
পড়েছে ৩৩৯টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১৪২ জন এমপি। খবর এএফপির। সংশোধিত
সংবিধানের ১৮ অনুচ্ছেদ পাস হওয়ার ফলে তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতির
সরকারব্যবস্থা চালু হবে। তবে এটি আইনে পরিণত করার জন্য এপ্রিলে গণভোট হবে।
তুর্কি সংসদে পাস হওয়া বিল অনুসারে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার চালু হলে
এরদোগান টানা দু’দফায় পাঁচ বছর করে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে
পারবেন। এর অর্থ হচ্ছে, এরদোগান ২০২৯ সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট
হিসেবে ক্ষমতায় থাকার সুযোগ পাচ্ছেন। ২০১৯ সালে দেশটিতে আগামী নির্বাচন
অনুষ্ঠিত হবে। এরপর থেকেই নতুন করে টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন
এরদোগান।

No comments:
Post a Comment