Monday, January 23, 2017

শাহজাদের বিশ্বরেকর্ড

বিশ্বরেকর্ড গড়লেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। একই দিনে ভিন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন আফগানিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যান। একদিনে দুটি আন্তর্জাতিক ম্যাচে দুই ফিফটির ঘটনা ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম। শাহজাদের রেকর্ডময় দিনে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসির সদস্য দেশগুলোর টুর্নামেন্ট ‘ডেজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ এ চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। শুক্রবার টুর্নামেন্টের শেষ দিনে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শাহজাদের অনবদ্য ৮০ রানের সুবাদে ওমানের বিপক্ষে সহজ জয় তুলে নেয় আফগানিস্তান। একইদিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৯৮ রানের বড় ব্যবধানে হারায় আয়ারল্যান্ড। ওই দিন সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হয় আয়ারল্যান্ড এবং আফগানিস্তান।
ফাইনালে আয়ারল্যান্ডের দেয়া ৭১ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান। মোহাম্মদ শাহজাদ ৪০ বলে করেন অপরাজিত ৫২ রান। শুধু তাই নয়, এই টুর্নামেন্টেই ভারতের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভাঙেন শাহজাদ। এই টুর্নামেন্টে সর্বোচ্চ চারটি ফিফটি করেছেন ২৮ বছর বয়সী এই আফগান। আর ফলে বিরাটের করা তিন ফিফটির রেকর্ডটি ভেঙে ফেলেছেন এই আফগান তারকা। গত বছর আইসিসির একটি টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়েন বিরাট। তবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসির সদস্য দেশগুলোর টুর্নামেন্ট ‘ডেজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ এ সে রেকর্ড ভেঙে ফেলেন শাহজাদ। চারটি অর্ধশত করেন পুরো টুর্নামেন্টে।

No comments:

Post a Comment