ছাত্রলীগ
নেতা আবু ছাইদ রুবেলকে হত্যাচেষ্টার নির্দেশদাতা টাঙ্গাইল-৩ (ঘাটাইল)
আসনের সরকারদলীয় এমপি আমানুর রহমান খান রানাকে দল থেকে বহিষ্কারের দাবিতে
সড়ক অবরোধ করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী অবরোধে
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দুই পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ
সময় এমপি রানা গ্রুপের নেতা উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামুকে
অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু।
বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শনিবার
দুপুরে ঘাটাইল ব্রাহ্মণশাসন গণ-মহাবিদ্যালয় (জিবিজি) ছাত্র সংসদের ভিপি
রুবেলকে হত্যাচেষ্টার প্রতিবাদে উপজেলার বিজয় ৭১ চত্বরে কর্মসূচি পালন করে
ছাত্রলীগের নেতাকর্মী ও জিবিজি কলেজ শিক্ষার্থীরা। এ সময় তারা
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। হামলার
শিকার ছাত্রলীগ নেতা রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা
আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান
শহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ,
আওয়ামী লীগ নেতা নয়ন উদ্দিন, জিবিজি ছাত্রসংদের এজিএস রঞ্জু আহমেদ প্রমুখ।
সমাবেশে রুবেলের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। একই
সঙ্গে রুবেলের ওপর হামলার নির্দেশদাতা সরকারদলীয় এমপি রানাকে আওয়ামী লীগ
থেকে বহিষ্কার করার দাবি করেন ছাত্রলীগ নেতারা।
হামলাকারীদের শাস্তি ও এমপি
রানাকে দল থেকে বহিষ্কার করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি
দেন ছাত্রলীগ নেতারা। এদিকে ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান
সামুকে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা
আওয়ামী লীগের নেতাকর্মীরা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় বক্তারা
যুগান্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাবেশের সভাপতি রুবেল হামলার
দিনের ঘটনা উল্লেখ করে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সমাবেশে
উপস্থিত সবাই রুবেলের ওপর হামলার নির্দেশদাতা এমপি রানার দৃষ্টান্তমূলক
শাস্তি ও দল থেকে তাকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রুবেলকে
হত্যাচেষ্টা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে
দলীয় ব্যবস্থা নিতে সোমবার জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ জরুরি সভা
আহ্বান করেছে। যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। প্রসঙ্গত, জিবিজি কলেজ শাখার ভিপি
রুবেল গত ৯ নভেম্বর কলেজ মাঠের ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এমপি
রানার নির্দেশে অতর্কিত হামলা চালায় এমপির ক্যাডার বাহিনী। এ ব্যাপারে ১৭
জনের নামে ঘাটাইল থানায় মামলা হয়। এ মামলায় গ্রেফতার জুব্বার ১৬৪ ধারায়
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

No comments:
Post a Comment