ঢাকা
থেকে কুয়াকাটা, বেনাপোল ও আখাউড়ায় উচ্চ ক্ষমতার ট্রান্সমিশন যন্ত্রপাতি
স্থাপনের জন্য টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে বাংলাদেশ
টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) সরাসরি চুক্তি বহাল রেখেছেন সুপ্রিম
কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আদালত যন্ত্রপাতি সরবরাহে প্রস্তাবকারী সব
দরদাতা মনোনীত প্রতিষ্ঠান নেতাশকে ১০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে
নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন পক্ষের
করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে প্রধান
বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশের পর
বিটিসিএলের আইনজীবী কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, বিটিসিএল, নেতাশ ও
টেশিসের করা তিনটি লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ।
যন্ত্রপাতি কেনায় বিটিসিএলের সঙ্গে টেশিসের যে কার্যাদেশ তা বহাল রেখেছেন।
নেতাশকে ১০ হাজার ইউএস ডলার ক্ষতিপূরণ দিতে টেশিসকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে বিটিসিএলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
টেশিসের পক্ষে ছিলেন আইনজীবী কামাল উল আলম। তাঁদের সহায়তায় ছিলেন
বিটিসিএলের আইন উপদেষ্টা কাজী মাঈনুল হাসান। নেতাশের পক্ষে শুনানিতে ছিলেন
আইনজীবী কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও মাহফুজুর রহমান। ওই কাজের
জন্য গত এপ্রিল মাসে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিটিসিএল।
প্রায় ছয় মাস
সময় নিয়ে দরপত্রের প্রক্রিয়া শেষ করা হয়। এরপর এ ধরনের যন্ত্রপাতি তৈরিতে
বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সিয়েনা থেকে যন্ত্রপাতি
কেনার সুপারিশ করে কারিগরি কমিটি ও দরপত্র মূল্যায়ন কমিটি। সিয়েনার
যন্ত্রপাতি সরবরাহের প্রস্তাবকারী প্রতিষ্ঠান নেতাশকে সফল দরদাতা মনোনীত
করে অনুমোদনের জন্য পাঠানো হয়। এরপর গত ১৫ অক্টোবর বিটিসিএল পরিচালনা পর্ষদ
হঠাৎ পুরো দরপত্র-প্রক্রিয়া বাতিল করে দেয়। তারপর বিনা দরপত্রে এসব
যন্ত্রপাতি কেনা ও স্থাপনের জন্য গত নভেম্বরে টেশিসের সঙ্গে চুক্তি করে
বিটিসিএল। পুরো প্রক্রিয়া শেষ করা হয় মাত্র চার কর্মদিবসে। কিন্তু টেশিস
এসব যন্ত্রপাতি তৈরি করে না। এ বিষয়ে প্রথম আলোতে গত ৬ ডিসেম্বরে
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। বিটিসিএল আইনবহির্ভূতভাবে চুক্তি করেছে
বলে অভিযোগ করে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে নেতাশ। রিটের ওপর
শুনানি নিয়ে গত ১২ ডিসেম্বর হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন।
আইনজীবীরা জানান, আদেশে গত ১৫ নভেম্বর টেশিসের সঙ্গে বিটিসিএলের চুক্তি
অবৈধ ঘোষণা করা হয়। এ কাজে নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে
প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিসিএল,
টেশিস ও নেতাশ পৃথক লিভ টু আপিল করে। রোববার লিভ টু আপিলের ওপর শুনানি শেষে
আজ আদেশের দিন রাখেন আদালত। আদালত আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।

No comments:
Post a Comment