Sunday, January 8, 2017

'শেষ সফর' ভুলে যেতে চাইবেন মাশরাফি

এবারের সফরটাই টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ নিউজিল্যান্ড সফর। কথাটা কেমন শোনালেও সময়ের হিসাব বলছে, এটাই বাস্তব। ক্যারিয়ারের শুরুতে ২০০১ সালে প্রথম নিউজিল্যান্ড সফরের সুযোগ পান টাইগার অধিনায়ক। কিউইদের সঙ্গে মাশরাফির সেই সফরের স্মৃতি অবশ্য খুব একটা মধুর নয়। ব্যক্তিগতভাবে সফল হলেও দলীয় ব্যর্থতায় তা আর উজ্জ্বল হয়ে ওঠেনি। ২০০৮ সালে দ্বিতীয় দফা নিউজিল্যান্ড সফরে যান মাশরাফি। সে সময়েও ব্যর্থতা পুঁজি করেই দেশে ফেরে টাইগার বাহিনী। প্রায় ৮ বছরের বেশি সময়ের ব্যবধানে এবারের সফরে নেতৃত্ব দেন টাইগার দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি।
তবে এই তিন সফরে বাংলাদেশ ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি। এবার অবশ্য মাশরাফিকে ঘিরে আশায় বুক বেধেছিল ভক্ত ও দর্শকরা। এই আক্ষেপ ঘোঁচানোর সুযোগও হয়তো আর মাশরাফি পাবেন না। কারণ তিন সফরের সময়ের ব্যবধানই বলে দিচ্ছে টাইগার দলের সদস্য হয়ে আরেকটি নিউজিল্যান্ড সফরে থাকবেন না মাশরাফি। এবারের সফরে টাইগার অধিনায়কের নেতৃত্বে তামিম-সৌম্যরা কিছু একটা করে দেখাবেন এমনটাই আশা ছিল সবার। তবে সেটা আর হয়ে উঠল না। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে ও টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে মাশরাফি বাহিনী। তিন ম্যাচ করে ওয়ানডে ও টি ২০ সিরিজের সবক'টিতেই জয়ের সম্ভাবনা সৃষ্টি করে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগার বাহিনীকে। এদিকে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগেই ব্যর্থতার আক্ষেপ নিয়ে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে আসছেন মাশরাফি। তিনি নিশ্চয় ক্যারিয়ারের আগের সফরগুলোর মতো এবারের নিউজিল্যান্ড সফরও ভুলে থাকতে চাইবেন।

No comments:

Post a Comment