Tuesday, January 24, 2017

জাতীয় পিঠা উৎসব শুরু

পিঠা বাঙালির ঐতিহ্যবাহী খাবার। গ্রাম বাংলায় এই সময়ে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। শহরের মানুষদেরও এখন পিঠা-পুলি খাওয়া অভ্যাস গড়ে উঠেছে। আর যদি পিঠা উৎসব হয় তাহলে সেখানে দলে দলে মানুষ আসে। স্বাদ নেয় নানা রকম পিঠার। শিল্পকলা একাডেমির কফি হাউস প্রাঙ্গণে শুরু হয়েছে ‘জাতীয় পিঠা উৎসব’। সোমবার আটদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, বর্ষীয়ান নৃত্যশিল্পী আমানুল হক প্রমুখ। ম হামিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব খন্দকার শাহ আলম। উৎসবে চল্লিশটি স্টলে পিঠা শিল্পীরা নিয়মিত পিঠা তৈরি করছেন। একই সঙ্গে চলছে পিঠা প্রদর্শনী ও বিক্রি। উৎসবে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন আয়োজকরা। পিঠা খাওয়ার পাশাপাশি এসব অনুষ্ঠানও উপভোগ করছেন উৎসবে আসা মানুষ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, পিঠা শীতের এক অনিবার্য অনুষঙ্গ। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। ছোটবেলা থেকেই পিঠা বানানো দেখেছি বাসায়, আত্মীয়-স্বজনদের বাসায়। পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব বলেন, ২০০৮ সালে যখন দেশে সব সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থবির তখন পিঠা উৎসবের আয়োজন করা হয়। বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় শুরু করা সেই উৎসব গত দশ বছরে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এখন দল বেঁধে মানুষ আসে এ উৎসবে। নানা ধরনের পিঠা রয়েছে উৎসবের স্টলগুলোতে। এসব পিঠার নামও বেশ বাহারী। ভাঁপা পিঠা, ঝাল পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, পানতোয়া, মালপোয়া, মেরা পিঠা প্রভৃতি। উৎসব চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
দশম শিশু চলচ্চিত্র উৎসব শুরু আজ : ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশসহ ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর পাশাপাশি আজ থেকে রাজশাহী ও রংপুরেও এ চলচ্চিত্র উৎসব শুরু হবে। চট্টগ্রামে এ উৎসব শুরু হবে ৩ মার্চ। আজ বিকালে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান উৎসব পরিচালক আবীর ফেরদৌস। এ সময় আরও উপস্থিত ছিলেন চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, গত দুইবারের উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ, সহকারী উৎসব পরিচালক সুকান্ত সাহা প্রমুখ। নাট্যশালায় গৌড়ীয় নৃত্য পরিবেশন : গৌড়ীয় নৃত্যের প্রদর্শনী হলো সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
চমৎকার এ পরিবেশনাটি উপস্থাপন করেন কলকাতা থেকে ১৩ সদস্যের গৌড়ীয় নৃত্যভারতী নামের নৃত্যদল। নৃত্যনাট্যটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের রবীন্দ্র চেয়ার প্রফেসর ড. মহুয়া মুখার্জি। এই পরিবেশনাটির আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ গ্রন্থের প্রকাশনা উৎসব : কথাসাহিত্যিক মাসুদ আহমেদের নতুন উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’-এ উঠে এসেছে মুক্তিযুদ্ধকালীন নানা প্রেক্ষাপট আর মানবতাবিরোধী অপরাধ। সোমবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে এই উপন্যাসের মোড়ক উšে§াচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

No comments:

Post a Comment