Monday, January 30, 2017

রাহুল আর আমি এক সাইকেলের দুই চাকা

উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোটকে গঙ্গা ও যমুনার মেলবন্ধ হিসেবে উল্লেখ করছেন রাহুল গান্ধী। অন্যদিকে, অখিলেশ যাদব বলেছেন, ‘আমি আর রাহুল এক সাইকলের দুই চাকা।’ রোববার প্রথমবারের মতো দু’জনের যৌথ সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন, ক্ষমতায় এলে এই জোট উত্তরপ্রদেশের মানুষকে আরও শক্তিশালী করবে। এ জোট প্রগতি, সমৃদ্ধি ও শান্তির পক্ষে কাজ করবে। খবর এনডিটিভির। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সাত ধাপে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে অভিজ্ঞ প্রতিপক্ষকে ঘোল খাওয়াতে মাঠে নেমেছেন দুই নবীন। জোট বাধার পর লক্ষ্ণৌতে প্রথম যৌথ সংবাদ সম্মেলন করেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলেন দু’জনেই।
অখিলেশকে পাশে নিয়ে ভারতের নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, আমরা একযোগে আগ্রাসন ও ভীতির রাজনীতিকে ধিক্কার জানাচ্ছি। জোটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাহুলের দাবি, ক্ষমতায় এলে এ জোট উত্তরপ্রদেশের মানুষকে আরও শক্তিশালী করবে। এ জোট প্রগতি, সমৃদ্ধি ও শান্তির পক্ষে কাজ করবে। রাহুল বলেন, এ জোট উত্তরপ্রদেশের যুবকদের সামনে অন্য রাজনীতি তুলে ধরবে। যেখানে হিংসার কোনো জায়গা থাকবে না। জোটের হাত ধরেই উন্নতি, সমৃদ্ধি আর শান্তির প্রতীক হয়ে উঠবে উত্তরপ্রদেশ। জোটের সুফল কী কী হতে পারে তার নানাদিক তুলে ধরার সঙ্গে মোদির নোট বাতিল সিদ্ধান্তের বিরূপ প্রভাবের কথাও মানুষকে মনে করিয়ে দিতে ভোলেননি কংগ্রেসের সহ-সভাপতি। মোদির ‘মন কি বাতের’ ফাঁদে পা না দেয়ার অনুরোধও জানিয়েছেন। এ সময় অখিলেশ বলেন, আমি আর রাহুল এক সাইকেলের দুই চাকা। সমাজবাদী পার্টির প্রতীক সাইকেল আর কংগ্রেসের প্রতীক হাতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সাইকেলে হাত এক অনন্য বন্ধন। এবার সাইকেল চলবে, গড়াবে উন্নয়নের চাকা। তবে দুই নবীনের পরবর্তী প্রচার কৌশল কী হবে, তা জানা যায়নি। দীর্ঘদিন ধরে মুলায়ম সিংয়ের সঙ্গে সোনিয়া গান্ধীকে প্রচারে দেখা যাওয়ার যে জল্পনা চলছে তা বাস্তবায়িত হবে কিনা খোলাসা করেননি কেউই।

No comments:

Post a Comment