Wednesday, January 18, 2017

শুটিংয়ে নিয়মিত শাকিব খান

শিডিউলের খাতায় শুক্রবার ছাড়া কোনো দিন খালি নেই ঢাকাই কিং শাকিব খানের। তাই টাকার বস্তা নিয়ে এ নায়কের পেছনে ঘুরঘুর করলেও প্রায় নির্মাতাদের ব্যর্থ মনোরথেই ফিরতে হয়। কাজের প্রেশার যেহেতু বেশি তাই অনেক সময়ই শুটিংয়ে কথানুযায়ী হাজির হতে পারতেন না এ নায়ক। শিডিউল দেয়া থাকলেও নানা কারণে ধীরগতিতে চলতো তার অভিনীত প্রায় ছবির শুটিং। কিছুটা অনিচ্ছাকৃতভাবেই চলতো এমনটি। কারণ পুরো ইন্ডাস্ট্রি একা টেনে নেয়ার দায়িত্ব এ নায়কের ঘাড়ে থাকায় বেশ চাপেই থাকতে হতো তাকে। তাই নির্মাতাদের দেয়া সময়মত সেটে খুব একটা দেখা যায়নি শাকিব খানকে। এর বাইরে শিল্পী সমিতির সভাপতি হওয়ার পর অফিস ও চিত্রপাড়ায় সারা বছর দেখা মিলেনি তার। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। ফলে ভিন্ন এক শাকিব খানকে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রির লোকেরা। পরিচালকদের দেয়া নির্ধারিত সময়ের আগেই হাজির হচ্ছেন শুটিং সেটে।
নিয়ম করে বসছেন শিল্পী সমিতির অফিসেও। সম্প্রতি যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ছবির শুটিং শেষে ঢাকায় ফিরে শাহাদাত হোসেন লিটনের ‘অহংকার’ ছবির শুটিংয়ের সেটে এরকম শাকিবকেই দেখা গেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। একজন শীর্ষস্থানীয় হিরোর কাছে এমন আচরণই ইন্ডাস্ট্রি আশা করেন বলেই মন্তব্য করছেন সিনে সংশ্লিষ্টরা। পাশাপাশি বিদেশী তারকাদের সঙ্গে মিশে শাকিব খানের নতুন করে বোধোদয় হয়েছে বলেও মন্তব্য অনেকের। ঠিক সময়ে শুটিংয়ে আসা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘একজন শিল্পীর যেমন দায়িত্ব সময় মতো সেটে আসা, অন্যদিকে ইউনিটেরও উচিত তাকে সময় মতো ছেড়ে দেয়া। সকাল থেকে যদি গভীর রাত পর্যন্ত কাজ করি, তাহলে তো পরের দিন ভোর সকালে কাজ করা সম্ভব না।’ শাকিব খানের এমন দায়িত্বজ্ঞানের ভূয়সী প্রশংসা হচ্ছে চিত্রপাড়ায়। এই পরিবর্তনটা শাকিব খান কতদিন ধরে রাখতে পারেন এটিই এখন দেখার বিষয়।

No comments:

Post a Comment