Sunday, January 29, 2017

সোমবার আদালতে যাবেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামীকাল সোমবার আদালতে যাবেন। আজ রোববার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর বকশীবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত  ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচারকাজ চলছে। গত বৃহস্পতিবার এই মামলায় দুই আসামি প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ আত্মপক্ষ শুনানি করেন। ওই দিন খালেদা জিয়া ও তারেক রহমানের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য থাকলেও তারা আদালতে হাজির হননি। তাদের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী আব্দুর রেজ্জাক খান, এজে মোহাম্মদ আলী এবং সানাউল্লাহ মিয়া। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করেন। তারেক রহমানের আবেদনটি নামঞ্জুর করে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

No comments:

Post a Comment