Wednesday, February 1, 2017

'মোদি ৩৬ মাসে ৬ হাজার মিথ্যা বলেছেন'

ভারতের পুরী পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অধোক্ষাজানন্দ দেবতীর্থ মহারাজ বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ‘মোদিজি ৩৬ মাসে ৬ হাজার মিথ্যা কথা বলেছেন।’
সম্প্রতি এলাহাবাদের মাঘমেলায় ধর্মীয় এক সমাবেশে শঙ্করাচার্য স্বামী অধোক্ষাজানন্দ ওই মন্তব্য করেন। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ, স্বামী অধোক্ষাজানন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে বলেন, ‘লোকসভা নির্বাচনের সময় মোদি গরু, গঙ্গা এবং গীতা সুরক্ষার কথা বলেছিলেন। কিন্তু সরকার তৈরি হওয়ার পরে এ নিয়ে কোনোই কাজ হয়নি। ধর্মের নাম করে আমরা কাউকে প্রক্সি দেয়ার অনুমতি দিতে পারি না। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে দেশবাসীকে বিভ্রান্ত করছে- এটা ঠিক নয়। সাধু সমাজ একে গ্রহণ করবে না।’ তিনি বলেন, ‘বিজেপি গো-বংশ রক্ষার নাম করে ভোট প্রার্থনা করে কিন্তু তাদের সরকারের সময় গবাদি পশুর গোশত রফতানি তিন গুণ বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে রাজস্থানে পশু খাদ্যের অভাবে গরু মারা যাচ্ছিল। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পরে তাদের খাবারের ব্যবস্থা করা হয়।’
গত বছর রাজস্থানের হিঙ্গোনিয়া গোশালায় সরকারি অবহেলায় পাঁচ শতাধিক গরুর মৃত্যু হওয়ার অভিযোগ ওঠে। বিজেপি শাসিত রাজস্থান সরকার অবশ্য সেসময় সাফাই দিয়ে জানায় বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। স্বামী অধোক্ষাজানন্দ বলেন, ‘তার গুরু শঙ্করাচার্য স্বামী নিরঞ্জন দেবতীর্থজি মহারাজ গো-রক্ষার জন্য ২৭ দিন অনশন করেছিলেন।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেন্দ্রীয় সরকার গো-বংশ রক্ষার ব্যবস্থা না করে তাহলে তিনি দিল্লিতে অনশন শুরু করবেন। সাধু-সন্তদের ওই সভায় জগৎগুরু রামানন্দাচার্য, স্বামী স্বরূপানন্দ আচার্য মহারাজ, জগৎগুরু দামোদরাচার্য, ব্রহ্মস্বরূপ ব্রহ্মচারী, দন্ডিস্বামী জগদিশানন্দ, নাগা সন্ন্যাসী অগস্তদাস, বালকদাস প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment