ঢাকা
দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন,
আগামী মার্চ থেকে ২০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত বাস রাজধানীতে আর চলতে
দেয়া হবে না। এ বিষয়ে বিআরটিএ, পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন একমত পোষণ করেছে।
বুধবার রাজধানীর ফুলবাড়ীয়ার নগর ভবন মিলনায়তনে এক সমন্বয় সভা শেষে তিনি
এসব কথা জানান।
এদিকে ফিটসেন বিহীন বাস অপসারণে আগামী মার্চ থেকে রাজধানীতে
যৌথ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়েছে ওই সভায়। ডিএসসিসির নেতৃত্বে এ
অভিযানে অংশ নেবে ঢাকা মহানগর পুলিশ, বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসন। সভায়
প্রাথমিকভাবে অবৈধ পার্কিং বন্ধে আজিমপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও
পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করার সিদ্ধান্তও
হয়েছে। ডিএসসিসি মেয়র সাংবাদিকদের বলেন, গুলিস্তানে হকারমুক্ত অভিযানের মতো
নিরবচ্ছিন্নভাবে ফিটনেস বিহীন বাস অপসারণেও অভিযান চালানো হবে। চালকদের
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (৮ম শ্রেণী) ছাড়া রাজধানীতে গাড়ি চালাতে দেয়া হবে
না। সমন্বয় সভার অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে- মতিঝিল, গুলিস্তান ও
পল্টন এলাকায় যেখানে-সেখানে গাড়ি পার্কিং বন্ধ করা, স্টাফ বাস নির্ধারিত
জায়গায় রাখা ও অপ্রাপ্তবয়স্কদের ড্রাইভিং বন্ধ করা। সাংবাদিকদের প্রশ্নের
জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, মতিঝিলের দিলকুশা এলাকার সড়কে কার পার্কিং করার
জন্য জায়গা নির্ধারণ করে দেয়া হয়েছে। এর বাইরে যারা ওই এলাকার সড়কে অবৈধ
কার পার্কিং করবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি
বলেন, ফুলবাড়ীয়া এলাকায় কোনো বাস টার্মিনাল নেই। সড়ক দখল করে পরিবহন
মালিকরা গাড়ি পার্কিং করে রাখছেন। পর্যায়ক্রমে তাদেরও উচ্ছেদ করা হবে।
ফুটপাতের চাঁদাবাজদের প্রসঙ্গে ডিএসসিসি মেয়র বলেন, ইতিমধ্যে ফুটপাতের ৭২
চাঁদাবাজের বিরুদ্ধে শাহবাগ, মতিঝিল ও পল্টন থানায় মামলা করা হয়েছে। তাদের
কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদেরও দ্রুত আটক করে বিচারের মুখোমুখি
করা হবে। সমন্বয় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজউক, ঢাকা
জেলা প্রশাসন, বিআরটিএ’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment