Wednesday, February 22, 2017

তেল উত্তোলনে সৌদিকে টপকে শীর্ষে রাশিয়া

সৌদি আরবকে টপকে বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশের জায়গা দখল করেছে রাশিয়া। গত বছরের মার্চের পরে প্রথমবারের মতো সৌদিকে টপকে শীর্ষে উঠে এসেছে দেশটি। গত ডিসেম্বরে ব্যাপক পরিমাণে তেল উত্তোলন করায় তালিকার শীর্ষে উঠে এসেছে রাশিয়ার নাম। সোমবার রিয়াদভিত্তিক জায়ান্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ (জেওডিআই) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। খবর ব্লুমবার্গের। আঞ্চলিক তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে চুক্তি বাতিলের আগে তেল সরবরাহের লাগাম টেনে ধরতে দুই দেশই ওই সময় বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছিল। জেওডিআই’র পরিসংখ্যান অনুযায়ী, গত ডিসেম্বরে রাশিয়া দিনে ১ কোটি ৪৯ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে।
তবে নভেম্বরের চেয়ে ডিসেম্বরে রাশিয়া দিনে ২৯ হাজার ব্যারেল কম তেল উৎপাদন করেছে। অন্যদিকে ডিসেম্বরে সৌদি আরবের দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৪৬ হাজার ব্যারেল। এ পরিমাণও নভেম্বরের তুলনায় কম। নভেম্বরে ছিল ১ কোটি ৭২ লাখ ব্যারেল। জেওডিআই’র তথ্য বলছে, গত ডিসেম্বরে দৈনিক ৮৮ লাখ ব্যারেল তেল উত্তোলন করে শীর্ষ দেশের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। নভেম্বরে দেশটি দৈনিক ৮৯ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে। প্রতিদিন ৪৫ লাখ ব্যারেল উত্তোলন করে চতুর্থ স্থানে রয়েছে ইরাক। অন্যদিকে চীনের তেল উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক ৩৯ লাখ ৮০ হাজার ব্যারেল। গত বছরের নভেম্বরের শেষে তেল সরবরাহের নতুন সিদ্ধান্ত নেয় সৌদি আরব ও তেল রফতনিকারক দেশের সংগঠন ওপেক। বলা হয়, আগামী ৬ মাস আগের তুলনায় ১২ লাখ ব্যারেল তেল কম সরবরাহ করা হবে।

No comments:

Post a Comment