Monday, February 27, 2017

১৪ মার্চের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা-সংক্রান্ত পৃথক বিধিমালার গেজেট আগামী ১৪ মার্চের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। জানা যায়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাসহ রায় দেয়া হয়। ওই রায়ের ৭ম দফায় অধস্তন আদালতের বিচারকদের শৃংখলা বিধানের জন্য আলাদা শৃংখলাবিধি প্রণয়নের নির্দেশনা ছিল। কিন্তু সেটি আজও প্রণয়ন হয়নি। এ অবস্থায় আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃংখলাবিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়।
গত বছরের ২৮ আগস্ট এ বিষয়ে শুনানিকালে আপিল বিভাগ বলেন, একটি খসড়া ডিসিপ্লিনারি রুলস তারা (সরকার) দাখিল করেছে। এটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি। এখন আমরা কমিটি করে একটি রুলস তৈরি করে দিয়েছি। এটির আলোকে শৃংখলাবিধি তৈরি করে গত বছরের ৬ নভেম্বর আপিল বিভাগকে জানাতে সরকারের প্রতি নির্দেশনা ছিল। কিন্তু ওই শৃংখলাবিধির গেজেট জারি না হওয়ায় আপিল বিভাগ ক্ষোভ প্রকাশ করেন। এরপর রাষ্ট্রপক্ষ বেশ কয়েকবার আবেদন করে গেজেট প্রকাশের সময় বাড়িয়ে নিয়েছে। সর্বশেষ আপিল বিভাগ তাদের ১৪ মার্চ পর্যন্ত সময় দিল।

No comments:

Post a Comment