Saturday, February 4, 2017

মাহমুদ আব্বাস ঢাকা ছাড়লেন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশে ৩ দিনের সরকারি সফর শেষে শুক্রবার ঢাকা ছেড়েছেন। বেলা পৌনে ৩টায় বিশেষ বিমানে মাহমুদ আব্বাস ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে ওঠার ঠিক আগে ফুলের তোড়া দিয়ে মাহমুদ আব্বাসকে বিদায় জানান। এর আগে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার জানায়। তারও আগে দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে মাহমুদ আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন মাহমুদ আব্বাস। সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি পর্যায়ের আলোচনায় ফিলিস্তিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকও করেন তিনি। সবশেষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন। মাহমুদ আব্বাস মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সফরকালে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আন্তঃসরকার যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বঙ্গভবনের দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিন প্রেসিডেন্টের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালিকি, প্রধান বিচারপতি মাহমুদ এসএ আলহাব্বাশ, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ প্রমুখ।

No comments:

Post a Comment