Monday, February 13, 2017

আইভরিকোস্টে ৬ সাংবাদিক গ্রেফতার

আইভরিকোস্টে নিরাপত্তা বাহিনীর বিদ্রোহ নিয়ে ‘মিথ্যা তথ্য প্রচার করার’ অভিযোগে তিন গণমাধ্যম মালিকসহ ছয় সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পত্রিকা ও সরকারি কৌঁসুলি একথা জানিয়েছে। আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এলিট ফোর্সের সদস্যরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে। এ সময় তারা আদিয়াকে শহরের সেনা ব্যারাকে আকাশের দিকে গুলি ছোঁড়ে।
এর পরিপ্রেক্ষিতেই সাংবাদিকরা এই সংবাদটি প্রকাশ করে। দৈনিক এল’ইন্তা ও দৈনিক সোইরইনফো পত্রিকার সম্পাদক ও মালিককে গ্রেফতার করে পুলিশের একটি শিবিরে আটকে রাখা হয়েছে। তাদের সাথে বিরোধী মতাদর্শের দুটি পত্রিকা লে টেম্পলস ও নোতরে ভোই’র সম্পাদক ও মালিকদেরও আটক করা হয়েছে। কৌঁসুলি জানান, মিথ্যা তথ্যের জন্য ‘কে বা কারা দায়ী তা জানতে’ সাংবাদিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহ সংক্রান্ত তথ্য প্রকাশ, রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে হামলা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যাপারে মিথ্যা তথ্য প্রকাশের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

No comments:

Post a Comment