লক্ষ্মীপুরের
কমলনগরে ‘ভূয়া’ দলিল সৃজনের মাধ্যমে এক বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা
চলছে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ
সম্মেলন করে রিক্তা বেগম (৪৭) নামের ওই বিধবা নারী এ অভিযোগ করেন। তার
দাবি, উপজেলার হাজিরহাট এলাকার নিজ নামীয় কয়েক লাখ টাকা মূল্যের একটি
দ্বিতল ভবন দখল করতে তার তিন মেয়ের জামাতাসহ মৃত স্বামীর পরিবারের সদস্যরা
বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে রিক্তা বেগম জানান,
সাত বছর আগে পৈত্রিক সূত্রে পাওয়া অর্থসহ প্রবাসী স্বামী হারুনুর রশিদের
সহযোগিতায় উপজেলার হাজিরহাট এলাকায় তিনি নিজ নামে ছয় শতক জমি কিনেন। কিছু
দিন পরই ওই জমিতে একটি দ্বিতল ভবন নির্মাণ করে সেখানে তারা বসবাস করার
পাশাপাশি কয়েকটি ইউনিট ভাড়া দিয়ে আসছেন। এরই মধ্যে দুই বছর আগে স্বামী
হারুনুর রশিদ মারা গেলে শ্বশুর বাড়িরর লোকজনসহ তিন মেয়ের জামাতাদের লোলুপ
দৃষ্টি পড়ে তার ওই সম্পত্তির উপর। স্বামীর আকস্মিক মৃত্যুতে তিনি
মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে এ সুযোগে তারা একত্রিত হয়ে জোরপূর্বক রিক্তা
বেগমের কাছ থেকে কিছু স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন।
কিন্তু কিছু দিন পর
তারা এসে দাবি করেন ওই স্বাক্ষরের মাধ্যমে ছয় শতক জমিসহ পুরো ভবনটি বিধবা
রিক্তা তাদের নামে দলিল করে দিয়েছেন। এর পর ধরে ওই ভবন থেকে রিক্তা বেগমকে
তাড়িয়ে দিতে তারা বেশ কয়েকবার হামলাও করেন। নিরূপায় হয়ে ‘ভূয়া’ দলিল সৃজনের
ঘটনায় ২০১৫ সালের ডিসেম্বর মাসে তিনি রামগতি সহকারি জজ আদালতে একটি মামলা
দায়ের করেন। বর্তমানে আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। কিন্তু তার পরও
সংঘবদ্ধ ওই চক্রটি বিধবা রিক্তা বেগমের সম্পত্তি দখলে নিতে অপচেষ্টা চালিয়ে
যাচ্ছেন। সম্পদ ছেড়ে দিতে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিসহ প্রাণনাশের হুমকিও
দিচ্ছেন। বিধবা রিক্তা বেগম বলেন, ‘আমর পুত্র সন্তান না থাকায় দেবর, শ্বশুর
বাড়ির লোকজনসহ তিন মেয়ের জামাতারা আমার সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছেন। আমার
ছেলে, পিতা বা ভাই থাকলে তারা এ রকম সাহস করতে পারতো না। তাই আমি ওইসব
সম্পদলোভীদের কবল থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

No comments:
Post a Comment