বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান ‘অবৈধ’ সরকার একের
পর এক গণবিরোধী কর্মকান্ডে লিপ্ত। সেইসাথে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে
সন্ত্রাসী চালানো হচ্ছে এবং গ্রেফতারের মাধ্যমে বাড়িঘরে তান্ডব চালাচ্ছে
সরকার। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গ্যাসের মূল্য
বৃদ্ধির ঘোষণার পরপরই বিদ্যুতের মূল্য বৃদ্ধিরও ঘোষণা দিয়েছেন জ্বালানি ও
বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকার এখন লুটপাটে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই
গণবিরোধী সকল কর্মকান্ডে তারা লিপ্ত হয়ে পড়েছে। তিনি বলেন, গ্যাস ও
বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে এর ব্যাড ইম্প্যাক্ট খুবই স্পষ্ট
হয়ে উঠেছে। সারাদেশের মানুষ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। ইতোমধ্যে
জনস্বার্থের পরিপন্থী এই ধরনের ঘোষণায় বাসভাড়া, বাড়িভাড়ার নোটিশ প্রদান
শুরু হয়ে গেছে। দেশের শতকরা সাড়ে ৯৯ ভাগ মানুষ এই ঘোষণা প্রত্যাখান করেছে।
দেশের মানুষের কাছে বর্তমান ভোটারবিহীন সরকারের কোনো জবাবদিহিতা ও
কর্তব্যবোধ নেই বলেই জনগণের ওপর জুলুম চালানো হচ্ছে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ
ঘোষণা করেছে সরকার। যদি দেশ ও দেশের মানুষের প্রতি ন্যূনতম ভালবাসাবোধ
থেকে থাকে তাহলে আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে আহবান জানাতে
চাই-গণবিরোধী ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকান্ড থেকে সরে আসুন এবং অবিলম্বে
গ্যাস ও বিদ্যূতের মূল্য বৃদ্ধির অমানবিক ঘোষনা থেকে সরে আসুন। নয়া পল্টনে
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৬ মার্চ
বাগেরহাটের মোড়েলগঞ্জে ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচন হবে।
বিএনপি
মনোনীত প্রার্থী জনাব বদিউজ্জামান নোমিনেশন পেপার দাখিলের পূর্ব থেকে
আওয়ামী সন্ত্রাসীরা তার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। নির্বাচনী প্রচারণায়
তাকে প্রচন্ডভাবে বাধা দেয়া হচ্ছে। তার পোষ্টার, লিফল্টে, ব্যানার ছিঁড়ে
ফেলা হচ্ছে অথচ প্রশাসনের নিকট অভিযোগ করা হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে
না। আমি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে নির্বাচনকে সুষ্ঠু ও
অবাধ করতে যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি করছি। রিজভী দেশের সড়ক পরিবহন
ব্যবস্থার চিত্র তুলে ধরে বলেন, সারাদেশের সড়ক-মহাসড়কগুলো এখন মৃত্যুর
মিছিল ও আতঙ্কে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দূর্ঘটনার
বলি হচ্ছে একেকটি তাজা প্রাণ। দিনের পর দিন সড়কে দূর্ঘটনা আশঙ্কাজনক হারে
বৃদ্ধি পেলেও তাতে টনক নড়ছে না সরকারের। গতকালও ঢাকার নয়াবাজার এলাকায়
যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদিয়া হাসান নামে ২২ বছরের এক মেডিকেল ছাত্রী
নিহত হয়েছেন। এভাবে প্রতিদিনই দেশের সড়কে মহাসড়কে ভয়াবহ দূর্ঘটনা সংঘটিত
হচ্ছে। বিরোধী দল দমন এবং লুটপাট, দখলবাজী, টেন্ডারবাজীতে ব্যস্ত থাকার
কারনে বর্তমান গণবিচ্ছিন্ন ও জবাবদিহিহীন সরকারের সড়ক দূর্ঘটনা সামাল দিতে
কোন মাথাব্যথা নেই। এসময় পত্রিকায় প্রকাশিত কিছু পরিসংখ্যান তুলে ধরেন
তিনি। নেতাকর্মীদের বাড়িতে হামলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দলের ভাইস
চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভবনের সামনে থেকে
ছাত্রদলের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোণার কেন্দুয়া
উপজেলায় পুলিশ ও সরকারী দলের যৌথ সন্ত্রাসী তান্ডব চালিয়েছে। সেই তান্ডব
এখন সারা জেলাব্যাপী ছড়িয়ে পড়েছে। জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নেতৃত্বে
সারা নেত্রকোণা আজ আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। জেলার প্রতিটি উপজেলা থেকেই
জেলার বিএনপি নেতাকর্মীদের কেন্দুয়ায় সংঘটিত ঘটনায় গ্রেফতার দেখানো হচ্ছে।
নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা হানা দিচ্ছে এবং
পরিবারের সদস্যদের সংগে অশালীন আচরণকরছে। এ পর্যন্ত গোটা জেলায় ৪৭ জন
বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি বিএনপির পক্ষ থেকে বিএনপি
জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক হিলালী এবং কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান
দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ ২১৯ জন নেতাকর্মীদের নামে দায়েরকৃত বানোয়াট
মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের শর্তহীন মুক্তির জোর দাবি
জানাচ্ছি। গংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন,
খায়রুল কবির খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ
প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment