রক্ষণশীল
দেশ সৌদি আরবে এবার নানা ধরনের বিনোদনের সুযোগ তৈরি হচ্ছে। দেশের টাকা
দেশে রাখতে তরুণদের জন্য বিভিন্ন পথ খুলে দিচ্ছে সৌদি প্রশাসন। বিখ্যাত আরব
গায়করা সেখানে মিলনায়তনে শ্রোতাদের সামনে অনুষ্ঠান করতে পারছেন। মরুভূমির
বালিয়াড়িতে দ্রুতগতির গাড়ি চালাতে পারছেন তরুণরা। তবে এসব বিনোদনমূলক
কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এখনও সীমিত থাকছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে
বলা হয়, সম্প্রতি তেলের দাম পড়ে যাওয়ায় বাজেটে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে
সৌদি সরকার। এ কারণে তারা চাইছে, সৌদি তরুণরা যেন বিনোদনের জন্য লন্ডন বা
দুবাই না গিয়ে দেশের ভেতরেই তাদের সময় ও অর্থ খরচ করে। এ হচ্ছে এমন এক
মুহূর্ত যার জন্য বহু লোক অপেক্ষায় ছিলেন। সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় গায়ক
মোহাম্মদ আবদু বহু বছর পর এই প্রথমবার নিজের দেশে একটি গানের অনুষ্ঠান
করছেন। বিবিসি জানিয়েছে, বেশকিছু গানের অনুষ্ঠান হতে যাচ্ছে সৌদি আরবে।
কারণ গভীরভাবে রক্ষণশীল এ দেশটির মন্ত্রণালয় দেশের জনগণের জন্য কিছু
বিনোদনের রাস্তা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ পরিবর্তন হচ্ছে খুব
ধীরে এক পা দু’পা করে। মোহাম্মদ আবদুর অনুষ্ঠানে দেখা গেছে শ্রোতারা সবাই
পুরুষ। কোনো মহিলা নেই।
অনেক সৌদি নাগরিকই এ ধরনের গানের অনুষ্ঠানে মেয়েদের
দেখতে চান না। অনেক তরুণও মনে করেন এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। দেশের
জন্যও এটা ভালো হবে না। তবে সৌদি আরবে পরিবর্তনের জোয়ার তীব্রতর হচ্ছে।
সপ্তাহ শেষের ছুটির দিনগুলোতে একটা মরুভূমিতে বালিয়াড়ির ওপর দিয়ে চার চাকার
ছোট ছোট গাড়ি চালানো এখন সেখানে খুবই জনপ্রিয় এবং উত্তেজনাকর এক বিনোদন।
মোটরবাইকের মতো ছোট ছোট গাড়িগুলো চালায় অনেকেই , তীব্র গতিতে, উঁচু-নিচু
বালিয়াড়ির ওপর দিয়ে। তবে এখানেও কোনো মেয়েদের দেখা যায় না। সৌদি আরবে
জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বয়সই ত্রিশের নিচে। লন্ডন বা দুবাইয়ের মতো
উজ্জ্বল আলোয় আলোকিত শহরগুলো তাদের ভীষণ টানে। তাদের শাসকদের একজন ৩১ বছর
বয়স্ক এক যুবরাজ সেজন্যই এ তরুণদের উৎসাহিত করছেন যেন তারা তাদের সময় ও
অর্থ দেশেই খরচ করে। বাইরের বিশ্বের চোখে সৌদি আরব এখনও একটি আবদ্ধ,
রক্ষণশীল রাজতন্ত্র। কিন্তু কিছু কিছু জিনিস স্পষ্টতই পরিবর্তন হচ্ছে। এ
দেশটিতে মানবাধিকার বা রাজনৈতিক সংস্কার নিয়ে এখনও কোন প্রকাশ্য আলোচনা হয়
না। কিন্তু সাধারণ সৌদিদের কাছে অন্য বিষয়গুলোই আপাতত বেশি গুরুত্বপূর্ণ।

No comments:
Post a Comment