Sunday, February 12, 2017

বইমেলায় আফজাল হোসেনের তিন বই

অভিনেতা হিসেবেই আফজাল হোসেনের পরিচিতি বেশি। নির্মাতা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। পাশাপাশি লেখক হিসেবেও বেশ সুনাম রয়েছে তার। এবারের বইমেলায় এ অভিনেতার লেখা তিনটি বই প্রকাশ পেয়েছে। বিভিন্ন সময় আফজাল হোসেনের বিভিন্ন বিষয়ভিত্তিক লেখার সংকলন নিয়ে ‘কথায় কথায় রাত’ নামে একটি বই প্রকাশ হয়েছে। পাশাপাশি আছে ‘জাহাঙ্গীর বাদশার ঘোড়া’ নামে একটি গল্পগ্রন্থ। এছাড়াও থাকছে একটি কবিতার বই। তিনটি বই পাওয়া যাচ্ছে অনন্যা প্রকাশনীর ব্যানারে। নিজের লেখা এবারের বইগুলো প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘আমি কবিতা লিখতাম, এটা আমার বন্ধুরা জানত। প্রথম কবিতার বই প্রকাশের পর যখন বেশ সাড়া পেলাম তখন কবিতা লেখায় আগ্রহ আরও বেড়ে যায়।
বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপর লিখে থাকি। সেসব বিষয়ভিত্তিক লেখা নিয়ে এবারও বই প্রকাশিত হয়েছে। গল্পের বইও আছে। সবমিলিয়ে এবারের বইমেলা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে আমি যে ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তার থেকে সময় বের করে বইমেলায় যাওয়াটা একটু কঠিনই বৈকি। তবে ইচ্ছে আছে বইমেলায় যাওয়ার।’ প্রসঙ্গত এ অভিনেতার লেখা প্রথম গল্পের বই যুবকদ্বয়। এটি প্রকাশ হয় তারই ঘনিষ্ঠ বন্ধু কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঙ্গে এক মলাটে। ‘শুধু একটাই পা’ নামে প্রথম কবিতার বই ২০১১ সালে প্রকাশিত হয়। এছাড়াও তার লেখা চারটি উপন্যাস হচ্ছে ‘বিরহকাল’, ‘কানামাছি’, ‘পারলে না রুমকি’ ও ‘কুসুম ও কীট’। তার একমাত্র ভ্রমণ রচনা হচ্ছে ‘মানস ভ্রমণ’।

No comments:

Post a Comment