Sunday, February 12, 2017

বিদেশী টি-২০ লিগে ইউসুফ

বর্তমানে দেশ-বিদেশে রয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ। প্রত্যেক টুর্নামেন্টই নানান দেশের ক্রিকেটারদের মিলনমেলায় রূপ নেয়। তবে ভারতের টুর্নামেন্ট আইপিএল ছাড়া অন্যান্য টুর্নামেন্টে দেখা মিলে না ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের। সেদিক দিয়ে ইতিহাসই গড়েছেন ইউসুফ পাঠান! প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন বিদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগে। আসন্ন হং কং লিগে খেলার জন্য ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন ইউসুফ পাঠান। ৮ মার্চ শুরু হবে হং কং লিগ। সেখানে কওলুন ক্যান্টন্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন ইউসুফ।
ইউসুফ বলেন, “অনাপত্তিপত্র দেয়ায় আমি বিসিসিআই ও বিসিএকে ধন্যবাদ জানাতে চাই। আমি এ টুর্নামেন্ট নিয়ে বেশ অধীর হয়ে আছি।” এপ্রিলে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন ইউসুফ। মূলত আইপিএলের আগে হং কং লিগে খেলে নিজেকে ঝালাই করে নিতে চান তিনি। “আমি মনে করি আইপিএলের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এ কারণেই আমি রাজি হয়েছি,” বলেন তিনি। দলের অন্যান্য ক্রিকেটারদের নিয়ে খুব বেশি একটা জানেন না এ অলরাউন্ডার। তবে বেশ বড় বড় ক্রিকেটারের নাম শুনেছেন তিনি। তাদের সাথে খেলা ও সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন ইউসুফ। ইউসুফের আশা এ স্বল্প অভিজ্ঞতা থেকে তিনি অনেক কিছু শিখবেন। তবে এ লিগের জন্য তার অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে খেলায় সমস্যা হবেনা বলে জানিয়েছেন। মারকুটে ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা আছে ইউসুফের। আইপিএলের দ্রুততম অর্ধশতক তার। আইপিএলে ৩৭ বলে শতকও হাঁকিয়েছিলেন ইত্নি। তবে ২০১২ সালের পর আর ভারতের জার্সিতে মাঠে দেখা যায়নি ৩৪ বছর বয়সী ইউসুফকে।

No comments:

Post a Comment