Monday, February 20, 2017

ধর্ষণের পর হাতুড়ি দিয়ে পিটিয়ে বিধবাকে হত্যা : ৪ জন আটক

বরিশালের উজিরপুরের দক্ষিণ হারতায় নিজ বসতঘরে জাকিয়া পারভীন (৪৫) নামে এক বিধবা হত্যার ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ওই এলাকার দুই সহোদর জাকির মাঝি, লিটন মাঝি এবং হুমায়ুন ও ইব্রাহিম। গত শনিবার রাতে ওই বিধবার বড় মেয়ের জামাই মো: অহিদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলাটি দায়ের করেন।
এরপর গতকা রোববার থানা পুলিশ উল্লেখিত চারজনকে আটক করে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জাকিয়া পারভিন দক্ষিণ হারতা গ্রামের মৃত মানিক মাঝির বিধবা স্ত্রী ও তিন সন্তানের জননী। দুই মেয়েকে বিয়ে দেয়া হয়েছে। ছোট ছেলেটি তার বড় বোনের সাথে পাশ্ববর্তী উপজেলা স্বরূপকাঠীতে থেকে লেখাপড়া করে। যে কারণে ওই বিধবা একাই তার স্বামীর বসতঘরে বসবাস করতেন। ওই বসতঘরটি একটি নির্জন বাগান সংলগ্ন এবং আশপাশে আর কোনো মানুষের বসবাস নেই। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু বখাটে ওই নারীকে প্রায়ই উত্যক্ত করতো এবং তারাই এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে অনেকের ধারণা। আরেকটি সূত্রের দাবি, এলাকার কিছু লোকের কাছে ওই নারীর টাকা-পয়সা পাওনা ছিল, যা নিয়ে কয়েকজনের সাথে ঝামেলা চলছিল। তাই তারাও এ ঘটনায় জড়িত থাকার সন্দেহ তৈরি হয়েছে। নিহত নারীর লাশটি উদ্ধারকারী ও দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন খান জানিয়েছেন, ছেলে ঘরে না থাকার সুযোগেই শনিবার সন্ধ্যার পরে কে বা কারা বসতঘরে ঢুকে ওই নারীকে নির্মমভাবে হত্যা করেছে। ময়না তদন্তকারী চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই নারীকে হত্যার পূর্বে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে এবং তার মাথায় ও ডান পায়ে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে নিহতের মাথা ও পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের চারজনকে আটক করা হয়েছে। সেই সাথে খোঁজ নেয়া হচ্ছে নিহতের সাথে কারও কোনো শত্রুতা কিংবা প্রেমঘটিত সম্পর্ক ছিল কি না। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম সরোয়ার বলেন, হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। খুব দ্রুতই রহস্য উদঘাটন করে দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গ্রেফতারী আতঙ্কে দক্ষিণ হারতা গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টার দিকে জাকিয়া পারভীন নামের ওই বিধবা নারীকে রক্তাক্ত অবস্থায় তার বসতঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয় জাকির মাঝি (৩৫) থানা পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিধবার লাশটি উদ্ধার ও সুরতহাল করে ময়না তদন্ত শেষে গতকাল রোববার তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

No comments:

Post a Comment