আমার
মতে ভালোবাসা দিবসটিকে কোনো বিশেষ একটি দিনে সীমাবদ্ধ করে ফেলা ঠিক নয়।
একজন মানুষ প্রতিদিনই স্বপ্ন নিয়ে বাঁচে, ভালোবাসা নিয়েই বাঁচে। ভালোবাসা
ছাড়া মানুষের বেঁচে থাকাটা বড়ই কষ্টের। তাই প্রতিটি মানুষের জীবনে
ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে ভালোবাসা দিবসেই যে শুধু
ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, বিষয়টি এমন নয়। মানুষের প্রতি মানুষের
ভালোবাসাই মানুষকে বাঁচিয়ে রাখে অনন্তকাল। এ ভালোবাসা বাহ্যিকভাবে দেখাতেই
হবে, এমন নয়। আমি জীবনে অনেক ভক্ত-দর্শকের ভালোবাসা পেয়েছি। অসংখ্য মানুষ
আছেন যাদের সঙ্গে আমার কোনো দিন দেখাও হয়নি। কিন্তু তারা আমাকে মন থেকে
ভালোবাসেন। কেন বাসেন, সেটাও জানি আমি।
তারা আমার গান ভালোবাসেন। আমার
কণ্ঠের গান তাদের ভালো লাগে, তাই তারা আমাকে ভালোবাসেন। নজরুলের গানের কথায়
অনেকটা এরকম, ‘আমায় নহে গো, ভালোবাসো তুমি, ভালোবাসো মোর গান।’ এ
ভালোবাসার কিন্তু কোনো প্রতিদান হয় না। নীরবে-নিভৃতে শ্রোতা-ভক্তদের এ
ভালোবাসা জোর করে আদায়েরও কিছু নেই। এটা একজন শিল্পীর জন্য বেঁচে থাকে
অনন্তকাল। বাংলাদেশের মানুষ আমাকে কতটা ভালোবাসেন, তা আমার চেয়ে বুঝি আর
কেউই বেশি জানেন না। এর প্রমাণ পেয়েছি আমার জীবন সংশয়ের মধ্য দিয়ে। জীবনের
দুঃসময়ে এ দেশের মানুষই তাদের ভালোবাসা নিয়ে আমার পাশে ছিলেন। ভালোবাসার
কোনো রূপ নেই, সীমা-পরিসীমা নেই। ভালোবাসা দিয়েই মানুষের মাঝে বেঁচে থাকতে
হয়। আমার গানে মানুষের জন্য ভালোবাসা আছে। এ ভালোবাসা দিয়েই আমি মানুষের
মাঝে বেঁচে থাকতে চাই। আমার সন্তান বাঁধন, তার জন্যও আমার অনেক ভালোবাসা
বহমান। কখনও তা প্রকাশিত, আবার কখনও তা অপ্রকাশিত। জীবন যেখানে যেমন,
ভালোবাসার বহিঃপ্রকাশও তেমন। আজ ভালোবাসা দিবস। তরুণ সমাজ দিনটিকে
বিশেষভাবে উদযাপন করে।
আমি মনে করি, এ ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার
জন্য নয়। সৃষ্টিকর্তা, মা-বাবা, শিক্ষক- সবাইকে মন থেকে ভালোবাসা যায়।
বাহ্যিক দৃষ্টিতে সেটা দেখা না গেলেও অনেকেই হয়তো সেটা করেন। একজন
সত্যিকারের মানুষের মনোভাব এমনই হওয়া উচিত। কারণ সৃষ্টিকর্তা ভালোবেসে
দুনিয়াতে আমাদের না পাঠালে ভালোবাসা কেন, কোনো কিছুই কখনও অনুভব করা সম্ভব
হতো না। আবার মা-বাবা যদি সন্তানের প্রতি দায়িত্ব পালন না করতেন, তাহলে
ভালোবাসাটা থেকে যেত অন্ধকারে। শিক্ষক যদি শিক্ষার্থীকে ভালোবেসে সঠিক
শিক্ষা না দিতেন, তবে মানুষের প্রতি ভালোবাসার মর্ম তার পক্ষে বোঝা অনেক
কঠিন হয়ে পড়ত। এভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা যেভাবে সহযোগিতা করেছেন
বা করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত। আমি বছরের
অন্যান্য দিনের মতোই খুব স্বাভাবিকভাবেই ভালোবাসার দিনটিও অতিবাহিত করি।
সবার জীবন সব সময় সুন্দর হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালাবাসা
দিবসে এটুকুই আমার পরম চাওয়া।

No comments:
Post a Comment