রাজবাড়ীর
গোয়ালন্দে গতকাল সোমবার গোসল করতে পানিতে নেমে চোরাবালিতে আটকে পড়ে
সার্কাসের হাতি ২৫ বছর বয়সী আকবর বাহাদুর। স্থানীয়দের ১২ ঘন্টা চেষ্টা ও
পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় রাত ৮টার দিকে হাতিটিকে উদ্ধার করা হয়। হাতির
মাহুত ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সকাল ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার
উজানচর নতুন পাড়া এলাকায় মরা পদ্মানদীতে গোসল করতে নামানো হলে ঘটনাটি ঘটে।
মাহুত মো: বাবু খান ও শান্ত মোল্লা জানান, তারা গত কয়েকদিন ধরে ফরিদপুরের
টেকের হাট এলাকায় দ্যা নিউ কমলা সার্কাস দলের সাথে আকবর বাহাদুরকে নিয়ে
রয়েছেন। সার্কাসের প্রদর্শনী না থাকায় তারা হাতিটিকে নিয়ে রোববার রাতে
গোয়ালন্দ এলাকায় আসেন। সোমবার সকাল ৮টার দিকে হাতিটিকে গোসল করানোর জন্য
নতুন পাড়া এলাকায় মরা পদ্মা নদীর অগভীর পানিতে নামেন। গোসল শেষে হাতিটিকে
উপরে উঠার জন্য সংকেত দিলেও সে কোনোভাবেই পানি থেকে উঠতে পারছিল না। পরে
তারা বুঝতে পারেন হাতিটি চোরাবালিতে আটকা পড়েছে। এসময় হাতিটি অত্যন্ত
দুর্বল হয়ে পড়ে। এ অবস্থায় তারা স্থানীয় লোকজনের সহায়তায় হাতিটিকে উদ্ধারে
চেষ্টা চালিয়ে অবশেষে রাত ৮টার দিকে উদ্ধার করা সম্ভব হয়। সরেজমিন বেলা
৪টার দিকে দেখা যায়, এলাকার লোকজন টিউবওয়লের পাইপ দিয়ে হাতিটির আটকে যাওয়া
পায়ের পাশ থেকে বালু সরানোর জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু
পানির মধ্যে হওয়ায় সে চেষ্টা ফলপ্রসু হচ্ছিল না। কিছুক্ষণ পর পর অসহায়
হাতিটি উপরে উঠার প্রাণপন চেষ্টা করলেও সফল হচ্ছিল না।
হাতির এ অসহায়
অবস্থার খবর পেয়ে আশপাশ এলাকার কয়েকশ’ উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়। খবর
পেয়ে সেখানে আসেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো: হাসান হাবিব।
উদ্ধারে অংশ নেয়া স্থানীয় যুবক রাকিব জানায়, সকালের দিকে হাতিটিকে যতটা
সতেজ ছিল দুপুরের পর থেকে সেটি ক্রমেই দুর্বল হয়ে পড়ে। এ অবস্থায় হাতিটির
প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। স্থানীয় গৃহবধূ মনোয়ারা বেগম, আনোয়ারা খাতুন
জানান, বিউটি খাতুন, চম্পা বেগমসহ অনেকেই বলেন, হাতির নদে পড়ার কথা অনেক
শুনেছি, এইবার সচক্ষে দেখলাম। হাতিটির অসহায় অবস্থা দেখে খুব মায়া হচ্ছিল।
হাতিটির মালিক রবিউল ইসলাম ফোনে বলেন, হাতিটি গত ১৫/১৬ বছর ধরে তার
তত্ত্বাবধানে রয়েছে। বিভিন্ন সার্কাস দলের প্রদর্শনীতে তিনি হাতিটিকে
প্রদর্শনের জন্য পাঠিয়ে থাকেন। ভালোবেসে ওর নাম দিয়েছিলেন আকবার বাহাদুর।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. হাসান হাবিব জানান, খবর পেয়ে তিনি
ঘটনাস্থলে পৌঁছান। হাতিটিকে উদ্ধারের জন্য কয়েটি ড্রেজার মেশিন বসিয়ে
বিকাল ৪টা থেকে বালি সরানোর কাজ শুরু করা হয়। অবশেষে ফায়ার সার্ভিস কর্মী
বাহিনী এসে হাতিটি পায়ের নীচে মেশিনের সাহায্যে পানি মেড়ে চোরা বালু সরিয়ে
হাতিটিকে উদ্ধার করে।

No comments:
Post a Comment