Wednesday, February 22, 2017

সুলতানা বিবিয়ানার প্রমোশনে নতুন গান

২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্র দিয়ে প্রথমবার দ্বৈতগানের জুটি হিসেবে আসেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং নাজমুন মুনিরা ন্যান্সি। সঙ্গীত প্রেমিদের চাওয়া থাকলেও দীর্ঘদিন ন্যান্সির সঙ্গে কোনো গানে কণ্ঠ মেলাননি হাবিব। সম্প্রতি নতুন একটি গান গেয়ে চমক নিয়ে হাজির হয়েছেন এ দুই শিল্পী। ‘তুমি আমার’ শিরোনামে আবারও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা লিখেছেন কবির বকুল। গেল বুধবার সিডি চয়েজের ইউটিউব পেজে প্রকাশ পেয়েছে গানটির ভিডিও। ভার্সেটাইল মিডিয়ার চেয়ারম্যান আরশাদ আদনানের পরিচালনায় নির্মিত এ গানের মিউজিক ভিডিওটি মূলত একই প্রযোজনা প্রতিষ্ঠানের মুক্তি প্রতীক্ষিত হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ ছবির প্রমোশনাল ভিডিও হিসেবে ব্যবহার করা হয়েছে। এ গানটি মূল ছবিতেও থাকছে।
ছবিতে এ গানে ঠোঁট মেলাবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও আঁচল। এ প্রসঙ্গে মিউজিক ভিডিওটির নির্মাতা আরশাদ আদনান বললেন, ‘হাবিব ও ন্যান্সির গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা একসঙ্গে গান করলেই চমক তৈরি হয়। এবারের গানটিও বেশ শ্রুতিমধুর হয়েছে। আর চমৎকার সুন্দর সব লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। আর মিউজিক ভিডিওটির দু’জন মডেলই দারুণ কাজ করেছেন। আশা করছি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা সুলতানা বিবিয়ানা ছবির প্রমোশনে নেমেছি। আমার বিশ্বাস ছবিটি যারা একবার দেখবেন তারা অন্যকেও উৎসাহিত করবেন।’ উল্লেখ্য, মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তারেক জামান।

No comments:

Post a Comment