দ্বিতীয়
বিশ্বযুদ্ধকালে জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের ব্যবহৃত টেলিফোন নিলামে
বিক্রি হয়েছে। আকাশছোঁয়া দামে এটি কিনে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক
ব্যক্তি। ডেইলি মেইল জানায়, রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের
চেসাপিক শহরে নিলামে তোলা হয় ওই টেলিফোন। নিলামে টেলিফোনটির দাম ওঠে এক
কোটি ৯০ লাখ টাকা (দুই লাখ ৪৩ হাজার মার্কিন ডলার)। নিলাম শুরু হয় ৭৮ লাখ
টাকা (এক লাখ ডলার) দিয়ে। ক্রেতার নাম প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠান
অ্যালেক্সান্ডার হিস্টোরিক্যাল অকশনস। এএফপি জানায়, ৭০ বছরেরও বেশি পুরনো
সিমেন্স রোটারি নামের টেলিফোনটিতে সস্তিকা ও থার্ড রাইখের ঈগল চিহ্ন খোদিত
রয়েছে। নাৎসি বাহিনীর কাছ থেকে উপহার হিসেবে টেলিফোনটি পেয়েছিলেন হিটলার।
এটাকে সর্বকালের সবচেয়ে ভয়াবহ অস্ত্র হিসেবে আখ্যায়িত করছেন অনেকে। কেননা এ
টেলিফোন ব্যবহার করে হিটলার লাখ লাখ লোককে হত্যার আদেশ দিয়েছিলেন। কালো
রঙের ফোনটিতে পরবর্তী সময় হিটলারের নাম খোদাই করা হয়। এএফপি জানায়, ১৯৪৫
সালে হিটলারের পরাজয়ের পর বার্লিনের একটি বাঙ্কার থেকে এটি পাওয়া যায়।
জার্মান সেনাবাহিনী আত্মসমর্পণ করার পর ফোনটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন
(বর্তমান রাশিয়া) সেনাদের দখলে যায়। পরে রুশ কর্মকর্তারা সেটি ব্রিটিশ সেনা
কর্মকর্তা স্যার রালফ রেনারকে স্মারক হিসেবে উপহার দেন। রেনারের ছেলে এটি
বিক্রির জন্য নিলামে তোলে। এছাড়া নিলামে হিটলারের ব্যবহৃত অ্যালশেসিয়ান
কুকুরের মূর্তিও বিক্রি হয়েছে। নিলামে সেটির দাম উঠেছিল ২৪ হাজার ৩০০
মার্কিন ডলার। মূর্তিটি অবশ্য কিনেছেন অন্য এক ব্যক্তি।

No comments:
Post a Comment