Wednesday, February 8, 2017

ফ্লাইওভারগুলোতে পিলার ঘিরে বিজ্ঞাপন পোস্টার

দৃষ্টিনন্দন করতে রাজধানীর ফুটপাত ও সড়কগুলো থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হলেও ফ্লাইওভারগুলোর পিলার ঘিরে প্রচারণার নামে চলছে এক ধরনের অশ্লীলতা। অবৈধভাবে প্রচারণামূলক পণ্যের বিজ্ঞাপন, সিনেমার পোস্টার, অশ্লীল নানা ধরনের প্রচারণাপত্রে ছেয়ে গেছে পিলারগুলো।
যৌন সমস্যার সমাধান, চিকন-মোটা করাসহ নানা ধরনের বিজ্ঞাপনের প্লাস্টিক পোস্টার লাগানো হচ্ছে পিলারগুলোতে। এতে পিলারগুলো অন্ধকারে থেকে যাচ্ছে। ত্রুটি কিংবা ফাটল, এমনকি পিলারের সিরিয়াল নম্বরগুলোও দেখা যাচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, পুরো বিষয়টি অত্যন্ত বিশ্রী ব্যাপার। ফ্লাইওভারগুলোর সৌন্দর্যই নষ্ট করে ফেলা হচ্ছে এসব আজেবাজে পোস্টার আর বিজ্ঞাপন লাগিয়ে। বিশ্বের কোথাও এমন দৃশ্য নেই।
এসব বিজ্ঞাপন তুলে ফেললে পরক্ষণেই আবার লাগানো হচ্ছে। উদ্বেগের বিষয় হচ্ছে- প্লাস্টিক পোস্টার ঘাম দিয়ে লাগানো হচ্ছে। রাতের আঁধারে বেশিরভাগ পোস্টার লাগানো হচ্ছে। ফ্লাইওভারের পিলারগুলো প্লাস্টার করা হয় না, ন্যাচারাল রাখা হয়। যাতে কোনো ফাটল কিংবা যে কোনো ত্রুটি ভেসে উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যায়। পোস্টার আর নানা বিজ্ঞাপনে ঢেকে যাওয়া পিলারগুলোর নম্বরও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে খিলগাঁও, মহাখালী, গুলিস্তান, যাত্রাবাড়ী, মিরপুর, এয়ারপোর্টসহ মালিবাগ ফ্লাইওভারের পিলার ছেয়ে গেছে পোস্টার আর নানা বিজ্ঞাপনে। বনানী ফ্লাইওভারের চিত্রটি ভিন্ন- সেখানে কোনো বিজ্ঞাপন বা পোস্টার নেই। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্যান্টনমেন্ট এলাকা হওয়ায় আর্মির সদস্য ও সচেতন ব্যক্তিরা বাধা দেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, নির্মাণকাজ চলছে এ রকম ফ্লাইওভারের পিলারগুলোও ছেয়ে গেছে বিজ্ঞাপন ও নানা পোস্টারে। মৌচাক ও পুলিশলাইন এলাকায় নির্মাণ করা ফ্লাইওভারের পিলারগুলোর অধিকাংশই ঢেকে গেছে পোস্টারে।
মালিবাগ সড়কে প্রাইভেট কার ড্রাইভার জসিম যুগান্তরকে জানান, তিনি ১০ বছর কুয়েতে ড্রাইভিং করেছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘুরেছেন। কোথাও এ রকম নোংরামি নেই। ফ্লাইওভারে কর্মরত একাধিক শ্রমিক জানান, পোস্টার আর বিজ্ঞাপনের জ্বালায় কাজ করাই দায়। একটির ওপর একটি পোস্টার লাগানোর কারণে পিলারের ওপরে আলাদা করে এক ধরনের প্লাস্টার তৈরি হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বাইরেও যেসব মহানগরী ও জেলাতে ফ্লাইওভার রয়েছে কিংবা নির্মাণকাজ চলছে সেখানেও একই অবস্থা। চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারগুলোতেও একই দৃশ্য দেখা যায়। এদিকে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া টিএরোড এলাকায় একটি ফ্লাইওভারের কাজ প্রায় শেষের দিকে। এ ব্রিজের পিলারগুলো ঘিরেও বিজ্ঞাপনী পোস্টার লাগানো হয়েছে।

No comments:

Post a Comment