Wednesday, February 8, 2017

জাজের বাইরে ছবিতেও অভিনয় করব

*কলকাতায় ‘ফিল্মফেয়ার-২০১৬’ নমিনেশন পেলেন। কেমন লাগছে?
**এটা অবশ্যই আমার চলচ্চিত্র ক্যারিয়ারের জন্য উৎসাহের। হিরো-৪২০ ছবির জন্য নমিনেশন পেয়েছি। জানি না পুরস্কার হাতে ওঠবে কী না। তবে যতটা পেয়েছি এটাই আমার জন্য বড় উৎসাহ হয়ে থাকবে।
*যৌথ প্রযোজনার ছবির কারণে পশ্চিমবঙ্গেও আপনার পরিচিতি রয়েছে। সেখানে আর কোনো সাফল্যের খবর আছে কী?
**রাজ্যটির জনপ্রিয় একটি ম্যাগাজিন কলকাতার শীর্ষ তেরো জন তারকা নিয়ে একটি সংখ্যা প্রকাশ করে। সেই তেরো তারকার মধ্যে বাংলাদেশের হয়ে এবার আমিও থাকছি। এটিও আমার জন্য দারুণ সম্মানের খবর।
*ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে আপনার অভিনীত ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি। ছবিটি দর্শকরা কেন দেখবেন?
**বিনোদনের জন্যই দর্শক হলে যান। এ ছবিতেও ভরপুর বিনোদন পাবেন দর্শকরা। এছাড়াও সময়োপযোগী গল্প। এ ছবিতে প্রেম দেখানো হয়েছে যা একেবারেই বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য। এটা সবার কাছে ভালো লাগবে আশা করি। তাছাড়া একটি বাণিজ্যিক ছবিতে যা যা থাকা দরকার তার সবই আছে এ ছবিতে।
*‘ধ্যাততেরিকি’ ছবির খবর কী?
**ছবিটির শুটিং একেবারে শেষের দিকে। গানের শুটিং বাকি রয়েছে। এ ছবিতেও আমি আর শুভ অভিনয় করছি। গানগুলোর দৃশ্যায়নের কাজ চলছে এখন। আগামী মার্চেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
*জাজের বাইরে কোনো ছবিতে দেখা যায়নি। আগামীতে দেখা যাবে কী?
**গল্প, পরিচালক ও টেকনিক্যাল সাপোর্ট আধুনিক থাকলে অবশ্যই অভিনয় করব। এটা আমি আগেও বলেছি। তাছাড়া আমি বাংলাদেশের অভিনেত্রী। অবশ্যই ভালোমানের বাংলাদেশী ছবিতে অভিনয় করব।
*স্টাইল এবং নিজেকে ফিট রাখার বিষয়ে বেশ সচেতন আপনি...
**আসলে আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। নিজেকে ভালোবাসি বলেই নিজেকে সুন্দর রাখার চেষ্টা থাকে। নিয়মিত জিমে যাই, খাবারের ব্যাপারেও সচেতন থাকি। আর আমাকে তো ফিট থাকতেই হবে। কারণ আমি চলচ্চিত্র নায়িকা। নিজেকে অন্যদের চেয়ে আলাদা না করতে পারলে দর্শকরা কেন আমাকে টাকা দিয়ে প্রেক্ষাগৃহে দেখতে যাবেন।

No comments:

Post a Comment