Monday, February 27, 2017

অনন্য উচ্চতায় স্মিথ

ভারতের মাটিতে বিরলতম টেস্ট জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বিরূপ উইকেটে দারুণ এক সেঞ্চুরিও হাঁকিয়েছেন স্টিভেন স্মিথ। এরই সাথে নিজেকে নিয়ে গেছেন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের অনন্য উচ্চতায়। টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই এক নাম্বারে ছিলেন অসি অধিনায়ক। তার চেয়ে ওপরে যাওয়ার আর সুযোগ নেই। তবে পুনে টেস্টের পর রেটিং পয়েন্টে বড় পরিবর্তন এসেছে তার। ডানহাতি এই ব্যাটসম্যানের রেটিং এখন ৯৩৯। এই রেটিংয়ে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছেন তিনি।
ক্রিকেট ইতিহাসে স্মিথের চেয়ে ভালো রেটিং পয়েন্ট ছিল কেবল পাঁচজনের। স্বভাবতই এক নাম্বারে তার স্বদেশি কিংবদন্তি ডন ব্র্যাডমান (৯৬১)। এই তালিকায় দুই নাম্বারে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লেন হাটন (৯৪৫)। ইংলিশ দলের আরেক জ্যাক হবস আর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের ক্যারিয়ারসেরা রেটিং ছিল সমান, ৯৪২। ৯৪১ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছেন ইংল্যান্ডের আরেকজন, পিটার মে। তাই স্মিথের সামনে সুযোগ এখন ইতিহাসের সিড়ি বেড়ে আরো ওপরে ওঠার। ব্যাটসম্যানশিপে অনেক ব্যবধান হলেও সেরা রেটিং পয়েন্টে ব্র্যাডম্যানও এখন স্মিথের দৃষ্টিসীমায়! এদিকে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিতে স্মিথ পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। তাদের সবার ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট ছিল ৯৩৮।
শীর্ষ দশ ব্যাটসম্যান
স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, হাশিম আমলা, আজহার আলী, ইউনিস খান, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স।
শীর্ষ দশ বোলার
রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জস হ্যাজেলউড, রঙ্গনা হেরাথ, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ভারনন ফিল্যান্ডার, মিচেল স্টার্ক।
শীর্ষ পাঁচ অলরাউন্ডার
রবিচন্দ্রন অশ্বিন, সাকিব আল হাসান, রবিন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, বেন স্টোকস। এদিকে পুনে টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রানে ৬ উইকেট নেন ও'কেফি। তার বোলিং তোপে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসেও পারফর্মেন্সের পুনরাবৃত্তি ঘটান তিনি। সমান ৩৫ রান দিয়ে আবারও তুলে নেন ৬ উইকেট। এই এক টেস্টের মাধ্যমেই বাঁহাতি এ বোলার ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং দেখে ফেলেছেন। পুরো ৩৩ ধাপ এগিয়ে বোলার র‌্যাঙ্কিংয়ে ২৯তম অবস্থানে চলে এসেছেন তিনি।

No comments:

Post a Comment