দেখলেই
মেরিলিন মনরো বলে যে কেউ ভুল করতে পারেন। পোশাকে অবয়বে পুরোটাই দেখতে
হলিউডের প্রয়াত অভিনেত্রীর মতো। ঠিক এমন গেটাপেই রাজনীতিতে আসছেন ঢাকাই
ছবির হটগার্ল বিপাশা কবির। বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির টাইটেল
গানে মেরিলিন মনরোর সাজে সাজলেন বিপাশা। ‘প্রেমের জন্য জীবন বাজি প্রেমের
এই রীতি, প্রেমের মাঝে চলবে না রে কোনো রাজনীতি’- এমন কথার গানটি লিখেছেন
কবির বকুল। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান এবং কণ্ঠ দিয়েছেন দিনাত
জাহান মুন্নী।
এরই মধ্যে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। জানা গেছে, হলিউড
অভিনেত্রী মেরিলিন মনরোর ভক্ত রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। তাই এ
অভিনেত্রীর ‘সেভেন ইয়ার ইচ’ ছবিতে তার স্কার্ট উড়ে যাওয়ার এ দৃশ্যটির সঙ্গে
মিল রেখেই রাজনীতির এ গানটির একটি সেগমেন্ট তৈরি করেছেন তিনি। এ প্রসঙ্গে
পরিচালক বলেন, ‘মনের মধ্যে এ দৃশ্যটি রি-ক্রিয়েটের এক বিশাল ক্ষুধা ছিল।
বিপাশা কবিরের সঙ্গে প্রথম সাক্ষাতেই মনে হয়েছিল, আমার সেই ক্ষুধা পূরণের
জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। পেয়ে গেছি আমি আমার মেরিলিন মনরোকে।
তাই গানটির শুটিংও করে ফেললাম। এতে অভিনয় প্রসঙ্গে বিপাশা কবির বলেন,
‘দারুণ একটি গান ছিল। পারফর্ম করে বেশ ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো
লাগবে।’ প্রসঙ্গত, এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। অপু
বিশ্বাসের অন্তরালে থাকার কারণে ছবির কিছু অংশের শুটিং বন্ধ হয়ে যায়।
কিছুদিন আগে অপু আড়াল ভেঙে প্রকাশ্যে আসার ঘোষণা দিয়েছেন। এর ফলে পরিচালকও
স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অপু প্রকাশ্যে এলেই রাজনীতির বাকি কাজ শেষ করা
হবে বলে পরিচালক জানান।

No comments:
Post a Comment