Wednesday, March 1, 2017

ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আদালতের রায়ের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে  প্রত্যাহার চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বুধবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি চলাচল স্বাভাবিক না হলে পরিবহন মালিকদের গাড়ির লাইসেন্স বাতিল চাওয়া হয়েছে রিটে। আজ দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসনে ও মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির কথা রয়েছে।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক শ্রমিকরা। এরই মধ্যে সাভারে ট্রাকচাপায় এক নারী নিহতের দায়ে চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপরই মঙ্গলবার থেকে সারা দেশে আকস্মিক ধর্মঘট ডাকা হয়। এদিকে গত দুদিন হঠাৎ করে পরিবহন ধর্মঘটে রাজধানী ঢাকাসহ সারা দেশে এক দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। গন্তব্যমুখি মানুষের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।

No comments:

Post a Comment