পরিবহন
শ্রমিকদের ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে গাজীপুর। বুধবার সকাল থেকে
গাজীপুরের বিভিন্ন পয়েন্টে পরিবহন শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়।
ফলে কিছু যানবাহন রাস্তায় বের হলেও শ্রমিকদের বাধার কারণে তারা ফিরে যেতে
বাধ্য হয়। এতে সকালে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীসহ গার্মেন্ট
শ্রমিক-কর্মচারীরা পড়েন বেকায়দায়। পরিবহন শ্রমিকদের অবরোধের সুযোগে
রিকশাচালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন
যাত্রীরা। ৩০ টাকার ভাড়া রিকশা চালকরা নিচ্ছে একশত টাকা করে। সকালে চান্দনা
চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, টঙ্গী, কালিয়াকৈরের চন্দ্রা মোড় ও মাওনা
চৌরাস্তা মোড়ে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। চান্দনা চৌরাস্তা
এলাকায় সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা ট্রাক এলোপাথারী করে রেখে সড়ক অবরোধ
করে রাখে। গাজীপুর সিটি কর্পোশেনের ভোগড়া পেয়ারা বাগান এলাকা থেকে রংপুরে
অসুস্থ্ মাকে দেখতে যাওয়ার জন্য মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১১টা
পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় ছুটে বেড়াচ্ছেন আকলিমা
খাতুন। তিনি গার্মেন্ট থেকে ৪ দিনের ছুটি নিয়েছেন,
কিন্তু তিনি তার অসুস্থ
মাকে দেখতে যেতে পরবেন কিনা তা নিয়ে শংকায় রয়েছেন। একমাত্র ছেলে সজিবকে
(১২) সঙ্গে নিয়ে তিনি রংপুরের উদ্দেশ্যে ভোগড়া বাইপাস মোড়ে অবস্থান করছেন।
গাজীপুর আদালতে যাওয়ার উদ্দেশ্যে কালিয়াকৈর থেকে গাজীপুরে আসেন
বিচারপ্রার্থী আমজাদ হোসেন। তিনি জানালেন, অবরোধের কথা শুনে ভোর ৫টায়
কালিয়াকৈরের প্রত্যন্ত এলাকা থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা দেন। বহু কষ্টে
বেলা ১১টায় তিনি চান্দনা চৌরাস্তা পর্যন্ত আসেন। এতে তার সাড়ে তিনশত টাকার
মতো খরচ হয়েছে। এখন চান্দনা চৌরাস্তা থেকে গাজীপুর আদালত পর্যন্ত যেতে আরো
এক’শ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। পরিবহন ধর্মঘটের কারণে জয়দেবপুর রেল জংশনে
শতশত যাত্রী ঢাকার দিকে এবং উত্তরাঞ্চলের দিকে যাত্রার জন্য অপেক্ষা করতে
দেখা গেছে।

No comments:
Post a Comment