Thursday, March 2, 2017

তবুও আলোচিত সারিকা

নাটক ও বিজ্ঞাপনের আলোচিত মেয়ে সারিকা। প্রায় তিন বছর বিরতির পর অভিনয়ে ফিরেছেন। বিয়ে পরবর্তী স্বামী, সংসার এবং মা হওয়ার পর সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণেই শোবিজ থেকে দীর্ঘ এ সময় বাইরে ছিলেন তিনি। তবে এ অভিনয়ের প্রস্তাব যে আসেনি তা কিন্তু নয়, এসেছে। পরিচালকদের সে প্রস্তাব হাসিমুখে সে সময়টাতে ফিরিয়ে দিয়ে সংসারের কর্মেই ব্রতী হয়েছিলেন। বিরতি ভেঙে গতবছর কোরবানির ঈদে একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও শোবিজে প্রত্যাবর্তন হয় তার। শুরু হয় শোবিজে তার ব্যস্ততার পর্ব। বিয়ের পর নতুন সারিকাকে দেখতে পেয়ে দর্শকরাও বেশ মুগ্ধ হন। মুগ্ধতার এ রেশ কাটতে না কাটতেই নতুন খবরের শিরোনাম হন সারিকা। স্বামী মাহিম করিমের সঙ্গে সুখের সংসার ভাঙছে তার। যে খবরে মর্মাহত হন সারিকা ভক্তরা। কিছুটা বিরূপ প্রতিক্রিয়াও পড়ে সারিকার ক্যারিয়ারে। তবে ডিভোর্স প্রসঙ্গে সরাসরি এখনও মুখ খোলেনি সারিকা। এ প্রসঙ্গে প্রশ্ন করতেই এড়িয়ে যান বিষয়টি। বলেন, ‘আসুন কাজের কথা নিয়ে আলাপ করি।’ কিন্তু সারিকা না বললে কী হবে? তার স্বামী মাহিম করিমের সঙ্গে আলাপকালে ঠিক বিষয়টির নিশ্চিত করেছেন তিনি। ২০১৪ সালের ১২ আগস্ট সারিকা এবং মাহিম করিম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ভালোবেসেই বিয়ে করেন তারা।
‘যখনই বুঝেছি আমার জীবনের জন্য যে মানুষটিকে আমি এতদিন খুঁজেছি মাহিম করিমই সেই মানুষটি। যখনই বিষয়টি উপলব্ধি করেছি তখনই জীবনের সঙ্গে তাকে জড়িয়ে নিয়েছি। তাকে আমার জীবনে পেয়ে সত্যিই আমি খুবই সুখি।’ সংসার ভাঙার আগে এমন কথাই শোনা গেছে সারিকার মুখ থেকে। কিন্তু শেষ অব্দি আর একসঙ্গে থাকা হল না তাদের। ভালোবাসার পরিণতি হিসেবে পরিণয় হলেও সে পরিণয়ের চিরস্থয়ী রূপ দিতে ব্যর্থ হলো এ প্রেমিক জুটি। ফলে আজ দু’জনার দুটি পথ আলাদা আলাদা। মিডিয়ার সঙ্গে সারিকার সম্পৃক্ততা ঘটে ২০০৬ সালে গাজী শুভ্র পরিচালিত ‘ডিজুস’র বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে। এরপর তিনি অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকীসহ বহু গুণী বিজ্ঞাপন নির্মাতার নির্দেশনায় অনেক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন তিনি। বলা যায়, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশের শোবিজে মডেলিং দুনিয়ায় ধূমকেতুর মতোই কাজ করেছেন সারিকা। এরপর ২০১০ সালে আশুতোষ সুজনের নির্দেশনায় ‘ক্যামেলিয়া’ নাটকে প্রথম অভিনয় করেন। তারপর জাহিদ হাসান, মোহন খান, চয়নিকা চৌধুরী, অনিমেষ আইচ, অঞ্জন আইচ, অরুন চৌধুরীসহ আরও বহু নাট্যনির্মাতার নাটকে অভিনয় করেন। তার অভিনীত একমাত্র ধারাবাহিক নাটক ছিল হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত অরুন চৌধুরী পরিচালিত ‘রূমালী’। সর্বশেষ সারিকাকে অভিনেতা অপূর্ব নির্দেশিত ‘ব্যাকডেটেড’ টেলিফিল্মে অভিনয় করতে দেখা যায় ২০১৪ সালে। এর পরই নিয়েছিলেন বিরতি। এত গেল অতীতের কথা। এখন আবার নতুন রূপে কাজ করছেন সারিকা। বিজ্ঞাপন, নাটক এমনকি স্টেজ শোতেও সরব দেখা যাচ্ছে এ তারকাকে। এখন তো চাইলে চলচ্চিত্রেও অভিনয় করতে পারেন। এমন ইচ্ছা আছে কি? জানাতে চাইলে সারিকা বলেন, ‘চলচ্চিত্রের প্রতি আগ্রহ তো আগেও ছিল। এখনও আছে। পছন্দমতো গল্প ও পরিচালক হলে অভিনয় করতেও পারি। সময়ই সব বলে দেবে। দেখা যাক কী হয়।’

No comments:

Post a Comment