Wednesday, April 19, 2017

পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, ১০ গাড়ি ভাঙচুর



চট্টগ্রামে সুইমিং পুল নির্মাণের কাজ বন্ধ করা নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের তুলকালাম কাণ্ড ঘটে গেছে। এই ঘটনায় বাধা পেয়ে ছাত্র সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেছে। এই সময় পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শটগানের গুলি ছুড়ে ছাত্রলীগ কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
এই সময় রাস্তায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। লোকজনের মধ্যে আতঙ্ক বাড়ে। অনেকে ছুটোছুটি করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণের সময় ঘটে এই ঘটনা। ইতিমধ্যে কাজটি বন্ধ করতে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বর্তমান মেয়র আ জ ম নাছিরের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। এরই মাঝে গতকাল ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী গিয়ে সেখানকার শ্রমিকদের মারধর করতে থাকেন। একপর্যায়ে ঘেরা দেয়া টিন ও বাউন্ডারি ভেঙে ফেললে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল ৪টায় বন্দরনগরীর কাজীর দেউরি মোড়ের কাছে আউটার স্টেডিয়ামের ওই সুইমিং পুলের কাজ বন্ধ রাখতে ছাত্রলীগের কর্মীরা মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি শুরু করে। এই সময় হঠাৎ করে আউটার স্টেডিয়ামে গিয়ে কর্মচারীদের মারধর করেন কয়েকজন নেতাকর্মী। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বেড়ে যায় উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষ শুরু হলে আশেপাশের সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়।
ছাত্রলীগ কর্মীরা বাধা পেয়ে কাজীর দেওড়ি মোড়ে শহর রুটের ৩ নম্বর বাস, ব্যক্তিগত প্রাইভেটকারসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে। ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের দুইজন কর্মী গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে। এছাড়া অন্তত আরো ১০ জনের কারো মাথা ফেটে গেছে। কারো লাঠিচার্জে হাত ভেঙেছে।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি মানবজমিনকে বলেন, পুলিশই হঠাৎ করে চড়াও হয় আমাদের উপর। চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের মাঠ একটা খোলা জায়গা। সেখানে সুইমিং পুলের কাজ বন্ধ রাখতে গত এক সপ্তাহ ধরে আমরা আন্দোলন করে আসছি। তিনি আরো বলেন, আমাদের দু’জনের পায়ে গুলি লেগেছে। তারা এখন হাসপাতালে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। যেকোনো উপায়ে আমরা কাজ বন্ধ রাখবো। তবে এই বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাইন হোসেন বলেন ভিন্ন কথা। তিনি বলেন, বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এতে আমাদের চারজন পুলিশ সদস্য  আহত হন। তিনি আরো বলেন, গাড়ি ভাঙচুর করায় ক্ষুব্ধ হয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এই ঘটনায় সর্বশেষ ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

No comments:

Post a Comment