
বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী। আমাদের প্রশিক্ষণের মান যেকোনো সেনাবাহিনীর সঙ্গে তুলনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। গতকাল দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সেনাবাহিনী যুদ্ধকালীন সময়ের প্রস্তুতির জন্য শান্তিকালীন সময়ে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। আর প্রশিক্ষণের অন্যতম প্রধান উপাদান হলো ফায়ারিং। সেনাবাহিনীর প্রশিক্ষণের মান অনেক উন্নত উল্লেখ করে সম্প্রতি এ বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন টোয়ালাইট ও হলি আর্টিজানের সফল অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রশিক্ষণ ভালো ছিল, আমাদের মোটিভেশন ভালো ছিল এবং আমরা দেশপ্রেমে উজ্জীবিত ছিলাম তাই কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়া দুটি অপারেশনেই আমরা সফলকাম হয়েছি। কঠোর প্রশিক্ষণের মাধ্যমে মান অর্জন ও সৈনিকদের পেশাগত উৎকর্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রশিক্ষণ যে একজন সৈনিকের সর্বোত্তম কল্যাণ তা সবসময় পৃথিবীর সকল সেনাবাহিনীতেই বলা হয়ে থাকে। একজন সৈনিকের দক্ষতা অর্জনে, কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করার পাশাপাশি ফায়ারিংয়ের কৌশল, মৌলিক গুণাবলী সম্পর্কে জানতে হবে। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় পরিচালিত ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৪টি দল অংশগ্রহণ করেন। গত ১১ই এপ্রিল থেকে সাভার সেনানিবাসে এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এবার ২০১৭-এর ফায়ারিং প্রতিযোগিতায় সাভারের নবম পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment