Thursday, April 27, 2017

ভারতে বাংলাদেশিদের বছরে চিকিৎসা ব্যয় ২৭২০ কোটি টাকা



ভারতে গত অর্থ বছরে বাংলাদেশি রোগীরা ৩৪ কোটি মার্কিন ডলারের চিকিত্সা সেবা কিনেছেন। প্রতি ডলার ৮০ টাকা ধরে হিসাব করলে ভারতে বাংলাদেশিদের চিকিত্সা ব্যয় দাঁড়ায় প্রায় দুই হাজার ৭২০ কোটি টাকা। এই সময়ে ভারতের চিকিত্সা নেন এক লাখ ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘ডিরেক্টরেট জেনারেল অব কমার্শিয়াল ইন্টিলিজেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিকস’ এর প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল বুধবার দেশটির বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা এ তথ্য জানায়।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৫-১৬ অর্থ বছরে বাংলাদেশিদের মধ্যে ৫৮ হাজারেরও বেশি চিকিত্সা ভিসা (মেডিকেল ভিসা) পেয়েছেন। এই সময়ে ভারতের স্বাস্থ্য সেবা রপ্তানির সর্ববৃহত্ ব্যবহারকারী ছিল বাংলাদেশ। এই অর্থ বছরে ভারতীয় হাসপাতালগুলোতে সাড়ে চার লাখ বিদেশি রোগী চিকিত্সা নেন, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা এক লাখ ৬৫ হাজারেরও বেশি।  
ওই রোগীদের অনেকে চিকিত্সা পর্যটনের অংশ হিসেবে ভারতে যান। চিকিত্সা পর্যটনের (মেডিকেল ট্যুরিজম) ফলে ২০১৬ সাল থেকে ভারতে বিদেশি পর্যটকদের সংখ্যার বিচারে শীর্ষে আছে বাংলাদেশ। এর আগে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি পর্যটক ভারত ভ্রমণ করতেন।  
ভারতের সঙ্গে বাংলাদেশের কানেক্টিভিটি বৃদ্ধি পাওয়ায় এবং ভিসা ব্যবস্থা সহজ হওয়ায় ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। এ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বাংলাদেশিদের জন্য চিকিত্সা ভিসা আরো সহজ করার ঘোষণা দেয়। এর ফলে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকরাও চিকিত্সা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হচ্ছেন।  
২০১৫-১৬ অর্থ বছরে বাংলাদেশের পর সবচেয়ে বেশি চিকিত্সা ভিসা পেয়েছে আফগানিস্তান (২৯ হাজার ৪০০), ইরাক (নয় হাজার ১৩৯) ও নাইজেরিয়ার (পাঁচ হাজার ৯৯৪) নাগরিকরা। ভারতে চিকিত্সা সেবা কেনার ক্ষেত্রে গড় হিসেবে সবচেয়ে বেশি ব্যয় করেছে পাকিস্তানি রোগীরা। তাঁরা গড়ে এক হাজার ৯২১ মার্কিন ডলার (প্রায় এক লাখ ৫৩ হাজার ৬৮০ টাকা) ব্যয় করেছে। ভারতে অর্থোপেডিক্স, কার্ডিওলজি ও নিউরোলজি চিকিত্সা সেবা বিদেশিদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

No comments:

Post a Comment